শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে জাতীয় লিগের শিল্ড: কী আছে এতে, আর কী আসছে

· Prothom Alo

নতুন কিছু করতে হবে, জাতীয় লিগ হতে হবে আকর্ষণীয়, বাড়াতে হবে খেলার মান। সেই চিন্তা থেকে টসের সময় অধিনায়কদের গায়ে ব্লেজার উঠল, সব দলকে দেওয়া হলো ভিন্ন ভিন্ন রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা এসেছিল আগেই, কাউন্টি ক্রিকেটের আদলে মূল প্রথম শ্রেণির আসরের পাশাপাশি হয়েছে ‘সেকেন্ড ইলেভেন’ নামে দ্বিতীয় সারির ক্রিকেটারদের একটা টুর্নামেন্টও।

Visit mwafrika.life for more information.

এত নতুনত্বের শেষটা কি আর যেনতেনভাবে করলে হয়! গতকাল শেষ হওয়া ২৮তম জাতীয় লিগের শেষ দৃশ্যেও তাই থাকল চমক। পুরস্কার হিসেবে এত দিনের ট্রফির পরিবর্তে চ্যাম্পিয়ন দল এবার পেয়েছে সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা করা সুদৃশ্য এক শিল্ড, যেটির নকশা হয়েছে দেশের প্রখ্যাত চারুশিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজের হাতে আঁকা স্কেচ থেকে।

শুধু চ্যাম্পিয়নের পুরস্কার শিল্ডের নকশাই নয়, জাতীয় লিগের ব্যক্তিগত অর্জনের পুরস্কারগুলোর নকশাও করেছেন তিনি। বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, সব কটি পুরস্কারের নকশাই আহমেদ নেওয়াজ প্রথমে হাতে এঁকেছেন। এখন থেকে জাতীয় লিগে ভালো খেলার স্বীকৃতি হিসেবে ক্রিকেটারদের হাতে উঠবে এ রকম ডিজাইনের পুরস্কার।

জাতীয় লিগে যেভাবে এল শিল্ড

চিন্তাটা প্রথমে আসে বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের মাথায়—জাতীয় লিগের পুরস্কারের মর্যাদা বাড়াতে ও এতে বৈচিত্র্য আনতে করতে হবে নতুন কিছু। তাঁর এই ভাবনা থেকেই চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে শিল্ড দেওয়ার উদ্যোগ, যা দেশের মূল প্রথম শ্রেণির ক্রিকেটকে দিতে পারে একটি স্বতন্ত্র আবেদন।

বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেছেন, ‘জাতীয় লিগকে আকর্ষণীয় করতে ও এর প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে কী করা যায়, সে চিন্তার ধারাবাহিকতা থেকেই শিল্ড দেওয়ার সিদ্ধান্ত। অন্যান্য দেশে প্রথম শ্রেণির ক্রিকেটকে যে রকম মর্যাদা দেওয়া হয়, আমাদের এখানে তা দেওয়া হতো না। আমরা এমন কিছু করতে চেয়েছি যাতে সবার কাছে এর আবেদন ও মর্যাদা বাড়ে, খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হতে চায়।’

চারুশিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজ

জনপ্রিয় ব্যান্ড সোলসের প্রতিষ্ঠাতা সদস্য চট্টগ্রামের শিল্পী আহমেদ নেওয়াজকে শুরুতেই জানানো হয়, জাতীয় লিগের পুরস্কারগুলোতে ভিন্নতা আনতে চায় বিসিবি। শুধু চ্যাম্পিয়নদের পুরস্কার নয়, ব্যক্তিগত পুরস্কারের চেহারাও বদলাতে হবে। চ্যাম্পিয়নের পুরস্কারের পাশাপাশি শিল্পী ব্যক্তিগত পুরস্কারগুলোরও প্রাথমিক নকশার স্কেচ আঁকেন। পরে বিসিবির নিজস্ব ভাবনা যুক্ত হয় এতে। একাধিকবার সমন্বয়ের পর চূড়ান্ত হয় পুরস্কারগুলোর নকশা।

শিল্ডটি কী দিয়ে বানানো, দেখতে কেমন

শিল্ড সাধারণত দেখতে যেমন হয়, জাতীয় লিগের শিল্ডও তেমনই। ৬–৭ কেজি ওজনের শিল্ডটি মূলত সেগুন কাঠের ওপর সোনালি ব্রাস মেটালের নকশা দিয়ে বানানো। শিল্ডের দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি ও প্রস্থ ২৮ ইঞ্চি। শিল্ডটির দুই পাশে খোদাই করা আছে বাংলাদেশের ক্রিকেটের প্রতীক দুটি গর্জনরত রয়েল বেঙ্গল টাইগারের আকৃতি, দুই বাঘের থাবায়ই ধরা একটি করে ক্রিকেট বল। শিল্ডের ঠিক মাঝখানে লেখা ‘NCL’, অর্থাৎ জাতীয় ক্রিকেট লিগ, নিচে ‘CHAMPION’, ওপরে জাতীয় ফুল শাপলার মধ্যে মিশে আছে বিসিবির লোগো। শিল্ডের কাঠের নকশায়ও আছে কারুকাজ।

স্কেচ আঁকার পর প্রাথমিক পর্যায়ে এটাই ছিল জাতীয় লিগের শিল্ডের নকশা

কাঠের অংশটি বাংলাদেশে বানানো হলেও এর ধাতব নকশাটি বানিয়ে আনা হয়েছে চীন থেকে। পরে বাংলাদেশে সেগুলো একত্র করে চূড়ান্ত রূপ দেওয়া হয় শিল্ডটিকে।
বিসিবি সূত্র জানিয়েছে, চীনা প্রতিষ্ঠান প্রথমে একটি শিল্ডের জন্যই দাম চেয়েছিল সাড়ে তিন লাখ টাকা। তবে জানিয়েছিল, একসঙ্গে বেশি বানালে খরচ কম পড়বে। বিসিবি তাই একসঙ্গে তিন মৌসুমের শিল্ড বানিয়ে এনেছে। এতে প্রতিটির জন্য খরচ পড়েছে দেড় লাখ টাকার মতো।

প্রতিবার নতুন শিল্ড, খুলনা পেল প্রথম

আগে জাতীয় লিগের ট্রফি এক দলের কাছ থেকে হাত বদল হয়ে আরেক দলের কাছে যেত। চ্যাম্পিয়নদের হাতে হাতে ঘুরত সেটি। এবার থেকে আর তা হবে না। প্রতিটি আসরের জন্যই নতুন করে শিল্ড তৈরি করা হবে, তবে নকশা থাকবে একই। সেই শিল্ড স্থায়ীভাবে তুলে দেওয়া হবে প্রতিবারের চ্যাম্পিয়ন দলের হাতে। অর্থাৎ প্রতিটি চ্যাম্পিয়ন দলই নিজেদের জন্য পাবে একটি শিল্ড। আগের ট্রফির মতো সেটি পরবর্তী আসরে ফিরিয়ে দিতে হবে না।

পুরস্কার হিসেবে শিল্ড প্রবর্তনের পর এবার প্রথমবার সেটি পেয়েছে চ্যাম্পিয়ন খুলনা বিভাগীয় দল। চ্যাম্পিয়ন হিসেবে তারা আরও পেয়েছে ৩০ লাখ টাকা প্রাইজমানি। রানার্সআপ সিলেট পেয়েছে ১৫ লাখ টাকা।

হচ্ছে মাস্টার শিল্ডও

বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, প্রতিবছর জাতীয় লিগের চ্যাম্পিয়ন দলকে এ রকম একটি করে শিল্ড দেওয়া হলেও একটি মাস্টার শিল্ড থেকে যাবে বিসিবির কাছে। একই ডিজাইনের এবং একই কাঠ ও ব্রাস মেটাল দিয়ে বানানো হবে সেই শিল্ড, তবে সেটির আকৃতি হবে আরও বড়। এতে জাতীয় লিগের শুরু থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর নাম ও শিরোপা জয়ের সাল খোদাই করে লেখা থাকবে, যুক্ত হবে ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের নামও। এই মাস্টার শিল্ড বিসিবিতে প্রদর্শিত থাকবে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড শিল্ড

খেলাধুলায় শিল্ডের ঐতিহ্য

খেলাধুলায় পুরস্কার হিসেবে শিল্ডের ব্যবহার নতুন নয়। ক্রিকেটে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের যাত্রা শুরু ১৮৯২-৯৩ মৌসুমে। লর্ড শেফিল্ডের দেওয়া ১৫০ গিনি অর্থ দিয়ে শিল্ডটি তৈরি করা হয়। ১৮৯২-৯৩ মৌসুমে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয় এই প্রতিযোগিতা। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য এতে যুক্ত হয়। ১৩০ বছরের বেশি সময় পেরিয়েও শেফিল্ড শিল্ড অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর।

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্লাঙ্কেট শিল্ড চালু হয় ১৯০৬ সালে। দুই দেশের ক্রিকেট ইতিহাসে এই শিল্ড শুধু একটি পুরস্কার নয়, ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক।

এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন। প্রতিযোগিতার নামে ‘শিল্ড’ নাম থাকলেই যে তার পুরস্কারটি আক্ষরিক অর্থে শিল্ড বা ঢাল-আকৃতির হয়, তা নয়। আবার অনেক প্রতিযোগিতায় ‘শিল্ড’ নামের পরিবর্তে কাপ বা ট্রফি ব্যবহৃত হলেও পুরস্কার হিসেবে পুরোনো শিল্ড-ঐতিহ্যের স্মৃতি রয়ে গেছে।

আইএফএ শিল্ড ভারতীয় ফুটবলে অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। ১৮৯৩ সালে এ প্রতিযোগিতা চালু হয়

উপমহাদেশেও শিল্ডের ইতিহাস পুরোনো। ১৮৯৩ সালে শুরু হওয়া কলকাতার আইএফএ শিল্ড ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। ১৮৮৮ সালে শুরু হওয়া ডুরান্ড কাপও উপমহাদেশের ফুটবলের প্রাচীনতম প্রতিযোগিতাগুলোর একটি। এসব উদাহরণে শিল্ড কখনো প্রতিযোগিতার নাম, কখনো চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া স্মারক। বাংলাদেশের ঘরোয়া খেলাধুলায়ও একসময় পুরস্কার হিসেবে শিল্ড দেওয়ার প্রচলন ছিল।

সময়ের সঙ্গে পুরস্কারের ধরন হয়তো বদলেছে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা মর্যাদা বদলায়নি। জাতীয় লিগের শিল্ডও লিগের মর্যাদা বাড়িয়ে সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ারই একটি চেষ্টা।

শুরু থেকে শেষ—এবার সবখানেই নতুনত্ব

জাতীয় লিগে এবার বিসিবি শুধু পুরস্কারেই পরিবর্তন আনেনি। পুরো আয়োজনেই রাখতে চেয়েছে নতুনত্ব, বিশেষ কিছু। শুরুটা হয়েছিল অধিনায়কদের ব্লেজার দিয়ে। টসের সময় দুই দলের অধিনায়ককে দেখা গেছে ব্লেজার পরে মাঠে নামতে। প্রতিটি দলকে দেওয়া হয়েছে একই রঙের ব্যাগি ক্যাপ ও হেলমেট। টুর্নামেন্ট কমিটির এসব আয়োজনের উদ্দেশ্যও ছিল জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটের আভিজাত্য আনার চেষ্টা।

জাতীয় লিগের ম্যাচ ফিও দ্বিগুণ করা হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে বিসিবির লক্ষ্য ছিল প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও আকর্ষণীয়, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ করে তোলা। শুরু থেকে শেষ পর্যন্ত সূচিতে একটিবারও পরিবর্তন না এনে লিগ শেষ করে বিসিবি সে জায়গায় দারুণ সফলও।

টুর্নামেন্টের কাঠামোতেও এসেছে পরিবর্তন। মূল জাতীয় লিগের পাশাপাশি আয়োজন করা হয়েছে ফার্স্ট ইলেভেন টুর্নামেন্ট। উদ্দেশ্য, ক্রিকেটারদের জন্য আরও বেশি ম্যাচ খেলা ও নিজেদের প্রমাণের সুযোগ তৈরি করা। ফার্স্ট ইলেভেন টুর্নামেন্টে ভালো করা ক্রিকেটারদের সুযোগ ছিল এবারই মূল জাতীয় লিগে খেলা। সমান্তরালেই চলেছে দুটি টুর্নামেন্টই।

রংপুরকে উড়িয়ে জাতীয় লিগে খুলনার রেকর্ড অষ্টম শিরোপা

এর সুফলও দেখা গেছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, অন্তত ১৫-১৬ জন ক্রিকেটার দ্বিতীয় স্তরে ভালো পারফর্ম করে খেলার সুযোগ পেয়েছেন মূল জাতীয় লিগে।

এর আগে জাতীয় লিগের ম্যাচ ফিও দ্বিগুণ করা হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে বিসিবির লক্ষ্য ছিল প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও আকর্ষণীয়, প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ করে তোলা। শুরু থেকে শেষ পর্যন্ত সূচিতে একটিবারও পরিবর্তন না এনে লিগ শেষ করে বিসিবি সে জায়গায় দারুণ সফলও।

শুরুতে অধিনায়কদের ব্লেজার, দুই স্তরের প্রতিযোগিতায় নতুন ক্রিকেটারদের উঠে আসার সুযোগ, আর শেষটায় সোনালি নকশার শিল্ড—জাতীয় লিগের এবারের আসর নতুনত্বের পূর্ণাঙ্গ এক প্যাকেজ! শিল্পীর হাতে আঁকা স্কেচ থেকে যে শিল্ডের জন্ম, সেটিই হয়তো আগামী দিনে জাতীয় লিগের নতুন ঐতিহ্যের মূল আকর্ষণ হয়ে উঠবে।

Read full story at source