ট্রেনে আগুন, স্টেশনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তায় রেলওয়ের ২০ নির্দেশনা

· Prothom Alo

চলতি মাসের ৯ থেকে ১১ নভেম্বর—এই তিন দিনে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে আটটি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়েছে। এ পরিস্থিতিতে রেললাইন, স্টেশন, ট্রেন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে এসব নির্দেশনা দেওয়া হয়।

নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম রেল। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গণপরিবহনের। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে রেলওয়েতেও। রেলওয়ের বিভিন্ন স্থাপনায় আটটি নাশকতার ঘটনা ঘটছে। কোথাও স্টেশনে ককটেল বিস্ফোরণ, কোথাও স্টেশনমাস্টারের কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। ট্রেনের আসন পুড়িয়ে দেওয়া, কোচের যন্ত্রাংশ কেটে দেওয়া এবং রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

Visit saltysenoritaaz.com for more information.

এমন পরিস্থিতিতে নিরাপদে ট্রেন চলাচল নিশ্চিত করা এবং রেললাইন, স্টেশন, ট্রেনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতে ২০ দফা নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। ১২ নভেম্বর দেওয়া এ নির্দেশনা রেল পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাস্তবায়ন করতে বলা হয়েছে।

চলতি মাসের ৯ থেকে ১১ নভেম্বর—এই তিন দিনে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে আটটি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়েছে। এ পরিস্থিতিতে রেললাইন, স্টেশন, ট্রেন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে এসব নির্দেশনা দেওয়া হয়।

পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে রেলওয়ের স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এ কারণে ট্রেন চলাচল নিরাপদ রাখা এবং রেলওয়ের স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান ভূঁঞা আরও বলেন, এসব নির্দেশনা বাস্তবায়নে উচ্চপর্যায় থেকে তদারক করা হচ্ছে। রেলওয়ের কর্মকর্তারাও সরেজমিনে দায়িত্ব পালন করছেন। রেলকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত। যমুনা নদীর পূর্ব পাশ নিয়ে গঠিত পূর্বাঞ্চল রেলওয়ের আওতায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ। আর যমুনার পশ্চিম পাশ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় রয়েছে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ। রেলওয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে প্রতিদিন গড়ে ৫৮টি আন্তনগর, ৪৬টি মেইল ও কমিউটার এবং ৩২টি লোকাল ট্রেন চলাচল করে।

মোস্তাফিজুর রহমান ভূঁঞা, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককিছুদিন ধরে রেলওয়ের স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এ কারণে ট্রেন চলাচল নিরাপদ রাখা এবং রেলওয়ের স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নাশকতার যত ঘটনা

রেলওয়ের এক প্রতিবেদনে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আটটি নাশকতার ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ঘটনাগুলোর মধ্যে রয়েছে স্টেশনে ককটেল বিস্ফোরণ, স্টেশনমাস্টারের কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ, ট্রেনের কোচে আগুন দেওয়া এবং রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেওয়া। এসব ঘটনায় কয়েকটি ট্রেনের যাত্রায় বিলম্ব হয়েছে। কোথাও রেলের স্থায়ী অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হলেও যাত্রী ও রেলসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর বেলা তিনটার দিকে ঢাকার গেন্ডারিয়া স্টেশনের আউটার পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরদিন ১০ নভেম্বর রাত একটার দিকে চট্টগ্রাম জংশন স্টেশনের স্টেশনমাস্টারের কক্ষের দরজায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আগুন নেভানো হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

একই দিন রাত ২টা ৫৫ মিনিটে দৌলতকান্দি-মেঘনা সেকশনের ২৮/১৮ নম্বর লেভেল ক্রসিংয়ের আপ লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পর লাইন পরিষ্কার করে। এ ঘটনায় চাঁদপুর কমিউটার ট্রেনটি দৌলতকান্দি স্টেশনে পৌঁছায় ১ ঘণ্টা ২ মিনিট বিলম্বে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে কয়েকটি আসন পুড়ে গেছে। ১১ নভেম্বর সকালে তোলা

এ ছাড়া ১০ নভেম্বর ভোরে মোহনগঞ্জ স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি কোচের কয়েকটি আসনের কভার পুড়িয়ে দেওয়া হয়। অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়। তবে ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়। একই দিন জামালপুর স্টেশনের লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের পাশে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। এতে দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় চলাচলরত জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছাতে ২০ মিনিট বিলম্ব করে।

চট্টগ্রামেও নাশকতার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর চট্টগ্রাম স্টেশনে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের কয়েকটি কোচের হোসপাইপ কেটে দেওয়া হয়। পরে রেলওয়ের কর্মীরা সেগুলো মেরামত করেন। এতে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ২৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়।

একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশনের ৪ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউটার ট্রেনের একটি কোচে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জিআরপি পুলিশ দুজনকে আটক করে।

সর্বশেষ ১১ নভেম্বর ভোরে আখাউড়া ওয়ার্কশপ থেকে বের হওয়ার সময় আখাউড়া থেকে ঢাকায় চলাচলরত তিতাস কমিউটার ট্রেনের একটি কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ ঘটনায় রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশ। ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে এক ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

নিরাপত্তা জোরদারে ২০ দফা নির্দেশনা

পরপর নাশকতার এসব ঘটনার পর রেলওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হয়েছে কর্তৃপক্ষ। রেললাইন থেকে শুরু করে স্টেশন, ইয়ার্ড, ট্রেনের কোচ ও জ্বালানি সংরক্ষণাগার—সব জায়গায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি হলো প্রতিটি সেকশনের রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করা; গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট এলাকায় বিশেষ পাহারা এবং আলোকসজ্জা বাড়ানো; সন্দেহজনক বস্তু, রেললাইন কাটা, ফিশপ্লেট অপসারণ বা রেললাইনে বিকৃতি দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো; লোকোমোটিভ শেড, ক্যারেজ ডিপো, ডিজেল ডিপো ও ওয়াশপিট এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথ সীমিত করে প্রত্যেক প্রবেশকারীর পরিচয় যাচাই করা।

অন্য নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে রাতে লোকোমোটিভ ও ক্যারেজে প্রবেশ নিয়ন্ত্রণ করা। কেবল অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীরা সেখানে প্রবেশ করতে পারবেন। সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং গার্ড রেজিস্টার নিয়মিত পরীক্ষা করতে হবে। জ্বালানি সংরক্ষণাগারেও প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। জ্বালানিবাহী ট্রেন চলাচলের সময় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া এবং জ্বালানি ওঠানো-নামানোর সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে কমিউটার ট্রেনে আগুন, দুজনকে আটক

স্টেশন ও ইয়ার্ডে থাকা ক্যারেজ ও লোকোমোটিভের নিরাপত্তায় পর্যাপ্ত আলোকসজ্জা ও প্রহরার ব্যবস্থা করতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিভাগীয় কন্ট্রোলে দায়িত্ব পালনকারী প্রকৌশল বিভাগের কর্মচারীদের তাঁদের অধীন গেটকিপারসহ অন্য কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে হবে। রাতে অপ্রয়োজনীয় কর্মচারীদের ইয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সিগন্যাল ও কেবিন কক্ষে অপরিচিত ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন কেবিনের তালা, টেলিফোন, অন্যান্য যন্ত্রপাতি ও সিগন্যাল প্যানেল পরীক্ষা করতে হবে। স্টেশন এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে।

জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথভাবে নির্ধারিত টহলসূচি অনুযায়ী স্টেশন, ইয়ার্ড ও প্ল্যাটফর্ম পরিদর্শন করবে। টিকিট কাউন্টার, লাগেজ কক্ষ ও অপেক্ষাকক্ষে সন্দেহজনক ব্যাগ বা ব্যক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে।

কোনো নাশকতা, চুরি বা ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল অফিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। সব ট্রেন, স্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও প্রয়োজনীয় স্থানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি করতে বলা হয়েছে।

Read full story at source