রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত বহাল
· Prothom Alo
দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহালের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
Visit likesport.biz for more information.
ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে এবং দ্বিতীয় থেকে বাকি শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তিতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া বাতিলের কথা জানায়। পরে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।
লটারি পদ্ধতি বাতিলসংক্রান্ত গত ১৬ মার্চের স্মারক নিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে গত ৭ অক্টোবর রিটটি করেন।
রিট আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গত ১৪ অক্টোবর শুনানির জন্য ওঠে। সেদিন আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি মাসে রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি থাক—এ নিয়েই রিটটি করা হয়েছে বলে জানান আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না জানিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁর অভিপ্রায় অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে এই পদ্ধতিই বহাল ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে লটারি পদ্ধতি বাতিল করে। এরপর আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা মঙ্গলবার (১৩ অক্টোবর) জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আর দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।