ছয় খুন, ২৮ দিনের আতঙ্ক এবং এক ‘ভুতুড়ে’ বাড়ির জন্ম

· Prothom Alo

১৯৭৪ সালের ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক বাড়িতে এক রাতেই স্বামী-স্ত্রী ও চার সন্তান খুন হন। খুনি হিসেবে দণ্ডিত হন ওই দম্পতির আরেক সন্তান। এরপর ওই বাড়ি ঘিরে নানা ‘ভুতুড়ে’ গল্প চাউর হয়। সেই ঘটনা নিয়ে এই লেখা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড বরোর ছোট্ট শহর অ্যামিটিভিল। রাত পেরিয়ে ভোর হচ্ছে। ১১২ ওশান অ্যাভিনিউর তিনতলা বাড়িটিতে তখন সবাই ঘুমিয়ে। বাড়ির বাইরে ঝুলছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘হাই হোপস’।

Visit syntagm.co.za for more information.

বাড়ির ছয়জন মানুষ তখন নিজ নিজ বিছানায়। একে একে ছয়টি গুলির শব্দ; কিন্তু প্রতিবেশীরা কেউ কিছু শুনতে পেলেন না।

পরদিন সকালে বাড়িটি থেকে উদ্ধার করা হলো ছয়টি মরদেহ। তাঁরা হলেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং তাঁদের চার সন্তান ডন, অ্যালিসন, মার্ক ও জন। হত্যাকাণ্ডের সময় তাঁদের বয়স ছিল যথাক্রমে ৪৩, ৪২, ১৮, ১৩, ১২ ও ৯ বছর।

খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হলো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনা তখনো বাকি। যিনি পুলিশকে খবর দিয়েছিলেন, যিনি বন্ধুদের নিয়ে বাড়িতে এসেছিলেন, তিনিই একসময় হয়ে উঠলেন এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ব্যক্তি।

ওই ব্যক্তির নাম রোনাল্ড ডিফিও জুনিয়র। বয়স ২৩ বছর। নিহত ছয়জনের মধ্যে ছিলেন তাঁর নিজের মা-বাবা ও চার ভাই-বোন।

বন্ধুদের নিয়ে নিজের বাড়িতে ফিরলেন তিনি

১৯৭৪ সালের ১৩ নভেম্বর। দিনটি অন্য দিনের মতোই শুরু হয়েছিল ডিফিও পরিবারের। নিউইয়র্কের অ্যামিটিভিল শহরের ১১২ ওশান অ্যাভিনিউর বাড়িটিতে থাকতেন রোনাল্ড ডিফিও সিনিয়র, তাঁর স্ত্রী লুইস এবং তাঁদের পাঁচ সন্তান।

সেই পরিবারের বড় ছেলে রোনাল্ড ডিফিও জুনিয়র সেদিন সন্ধ্যায় স্থানীয় একটি পানশালায় যান। সেখানে গিয়ে বন্ধুদের জানান, তাঁর মা-বাবাকে গুলি করা হয়েছে। কথাটি শুনে বন্ধুরা বিস্মিত হন। তাঁরা ডিফিওর সঙ্গে বাড়িতে আসেন।

বাড়িতে পৌঁছে বন্ধুরা দেখতে পান, ভয়াবহ কিছু ঘটে গেছে। তাঁদের একজন পুলিশকে ফোন করেন। পরে একে একে উদ্ধার করা হয় ছয়টি মরদেহ।

পরদিন ১৪ নভেম্বর লং আইল্যান্ডের সংবাদপত্র নিউজডে প্রথম পাতায় বড় করে ছাপে খবরটি। শিরোনাম ছিল, ‘সিক্স ইন অ্যামিটিভিল ফ্যামিলি ফাউন্ড মার্ডার্ড অ্যাট হোম’ (অ্যামিটিভিলে বাড়িতে ছয়জন খুন)। প্রতিবেদনে বলা হয়, পরিবারের ছয় সদস্যকে তাঁদের শোবার ঘরে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যেকের পিঠে একটি করে গুলির ক্ষত ছিল বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানানো হয়।

হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রোনাল্ড ডিফিও জুনিয়র

ঘটনাস্থলে হত্যার কোনো স্পষ্ট উদ্দেশ্য খুঁজে পাচ্ছিল না পুলিশ। আশপাশের কেউ গুলির শব্দ শোনেননি। বাড়ির ভেতরেও বড় ধরনের ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি।

তদন্তকারীদের সন্দেহ ক্রমে পরিবারের জীবিত সদস্যটির দিকে যেতে থাকে। রোনাল্ড ডিফিও জুনিয়রকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে তিনি দাবি করেন, মাফিয়ারা তাঁর পরিবারকে হত্যা করেছে; কিন্তু তাঁর বক্তব্যে ধরা পড়ে নানা অসংগতি।

পরদিন ১৫ নভেম্বর নিউজডে জানায়, পরিবারের জীবিত ছেলে ডিফিওকে ছয়টি হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যার কথা স্বীকারও করেন।

কেন নিজের পরিবারকে হত্যা করেছিলেন

তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল একটি পয়েন্ট ৩৫ ক্যালিবারের মার্লিন রাইফেল। পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁদের গুলি করা হয়েছিল। হত্যার পর অস্ত্রটি সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন ডিফিও।

কিন্তু কেন তিনি এমন ভয়াবহ কাজ করেছিলেন

এ প্রশ্নের উত্তর নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। ডিফিও কখনো বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ ছিল। কখনো দাবি করেছেন, অদৃশ্য কণ্ঠস্বর তাঁকে হত্যার নির্দেশ দিয়েছিল। তাঁর বক্তব্যে বিভিন্ন সময়ে পরিবর্তনও দেখা যায়।

১৯৭৫ সালের অক্টোবরে শুরু হয় ডিফিওর বিচার। আইনজীবী মানসিক অসুস্থতার যুক্তিতে তাঁকে দায়মুক্ত করার চেষ্টা করেন; কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। ১৯৭৫ সালের ২২ নভেম্বর তাঁকে ছয়টি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রতিটি হত্যার জন্য আলাদাভাবে ২৫ বছর থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।

এখানেই কি শেষ হলো অ্যামিটিভিলের গল্প

না, বরং হত্যাকাণ্ডের পরিত্যক্ত বাড়িটিকে ঘিরে শুরু হলো আরও অদ্ভুত এক অধ্যায়।

হত্যাকাণ্ডের পর বাড়িটি আর সহজে বিক্রি হচ্ছিল না। মানুষ জানত, সেখানে একটি পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়েছিল। এমন বাড়িতে কে থাকতে চাইবে? ১৩ মাস খালি পড়ে থাকল বাড়িটি।

অবশেষে ১৯৭৫ সালের ডিসেম্বরে বাড়িটি কিনলেন জর্জ লুটজ ও ক্যাথলিন লুটজ দম্পতি। জর্জ লুটজ পেশায় ছিলেন ভূমি জরিপকারী। মাত্র ৮০ হাজার ডলারে বিক্রি হলো বাড়িটি। তাঁদের সঙ্গে ছিল ক্যাথলিনের আগের সংসারের তিন সন্তান। ছয়টি শয়নকক্ষ, সুইমিংপুল, নৌকা রাখার জায়গাসহ বাড়িটি তাঁদের কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছিল।

১৮ ডিসেম্বর জর্জ লুটজের পরিবার নতুন বাড়িতে উঠল; কিন্তু সেই বসবাস দীর্ঘস্থায়ী হয়নি।

লুটজ পরিবারের দাবি, বাড়িতে ওঠার পর থেকেই অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করে। কখনো দেয়াল বেয়ে গড়িয়ে পড়ত সবুজাভ কালো আঠালো পদার্থ। কখনো জানালার কাচ ভেঙে যেত। বাড়ির ভেতরে দেখা যেত অদ্ভুত সব অবয়ব। তাঁদের দাবি—এক রাতে মেয়ের জানালায় লাল চোখের শূকরসদৃশ প্রাণীও দেখা গিয়েছিল।

ক্যাথলিন লুটজের দাবি, তিনি একসময় ঘুমের মধ্যে শূন্যে ভেসে উঠেছিলেন। বাড়ির দরজা-জানালা নিয়েও ঘটত অস্বাভাবিক ঘটনা। পরিবারের সদস্যদের মনে হতে থাকে, কোনো অশুভ শক্তি যেন বাড়িটিকে নিয়ন্ত্রণ করছে।

জর্জ লুটজ পরিবারের বর্ণনায় আরও উঠে আসে এক যাজকের কথা। বাড়িটি শুদ্ধীকরণের জন্য ওই যাজককে ডেকে আনা হয়েছিল। তিনিও নাকি অস্বাভাবিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। প্রার্থনার সময় এক অদৃশ্য কণ্ঠস্বর যাজককে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এ সময় যাজক অসুস্থ হয়ে পড়েন।

এত সব ঘটনার পর পরিবারটির পক্ষে সেখানে থাকা অসম্ভব হয়ে ওঠে। ১৯৭৬ সালের জানুয়ারিতে মাত্র ২৮ দিন পর, তাঁরা বাড়িটি ছেড়ে চলে যান; কিন্তু সত্যিই কি বাড়িটি অভিশপ্ত ছিল?

একটি বই বদলে দিল বাড়িটির পরিচয়

লুটজ পরিবারের অভিজ্ঞতার কথা লেখক জে অ্যানসনের কানে পৌঁছায়। তাঁদের বক্তব্য ও সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি লেখেন ‘দ্য অ্যামিটিভিল হরর: আ ট্রু স্টোরি’। ১৯৭৭ সালে প্রকাশিত বইটি দ্রুত জনপ্রিয়তা পায়।

এরপর গল্পটি ছড়িয়ে পড়ে আরও বড় পরিসরে। ১৯৭৯ সালের ২৭ জুলাই মুক্তি পায় ‘দ্য অ্যামিটিভিল’ হরর চলচ্চিত্র। বাস্তব হত্যাকাণ্ডের সঙ্গে কথিত অতিপ্রাকৃত অভিজ্ঞতার মিশেলে তৈরি সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

কিন্তু বই ও চলচ্চিত্র জনপ্রিয় হওয়ার পাশাপাশি বাড়িটি নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। লুটজ পরিবারের অভিজ্ঞতাগুলো কি সত্যিই ঘটেছিল, নাকি ভয়াবহ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছিল একটি বাণিজ্যিক গল্প।

ভূতের গল্প, নাকি অর্থ উপার্জনের পরিকল্পনা

১৯৭৯ সালের ১৬ সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম ছিল, ‘দ্য ক্যালামিটভিল হরর’। প্রতিবেদনে লুটজ পরিবারের দাবির নানা অসংগতি তুলে ধরা হয়।

এর আগে (১৯৭৭) বাড়িটি মাত্র ৫৫ হাজার ডলারে কিনে নেন জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি। তারা সেখানে কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা জানাননি। বরং তাঁদের অভিযোগ ছিল, কৌতূহলী মানুষ বাড়ির সামনে ভিড় করত, দরজায় কড়া নাড়ত, এমনকি রোনাল্ড ডিফিও বাড়িতে আছেন কি না, তা-ও জানতে চাইত।

আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বাড়িটির কথিত অলৌকিক ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশ ও যাজকদের বক্তব্য। লুটজ পরিবারের বর্ণনায় যেসব মানুষের উপস্থিতির কথা বলা হয়েছিল, তাঁদের কয়েকজন সেই দাবির সত্যতা অস্বীকার করেন।

হত্যাকান্ডের পর ১৪ নভেম্বর ১৯৭৪ নিউইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠা।

এদিকে ডিফিওর সাবেক আইনজীবী উইলিয়াম ওয়েবার দাবি করেন, তিনি ও লুটজ পরিবার মিলে কয়েক বোতল ওয়াইন পান করতে করতে ভুতুড়ে বাড়ির গল্পটি তৈরি করেছিলেন। তাঁর অভিযোগ, ডিফিও হত্যাকাণ্ডের কিছু বিবরণকে কাজে লাগিয়ে গল্পটি সাজানো হয়েছিল।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও হয়। অর্থ, বইয়ের স্বত্ব ও চলচ্চিত্রের আয় নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। প্রতিবেদনে বিচারক জ্যাক ওয়েইনস্টাইনের একটি মন্তব্যও উঠে আসে। তাঁর পর্যবেক্ষণ ছিল, বইটির বড় একটি অংশ কল্পনানির্ভর বলে মনে হচ্ছে।

তবে লুটজ পরিবার তাঁদের অভিজ্ঞতার সত্যতা নিয়ে শেষ পর্যন্ত অনড় ছিল। ফলে বিতর্কের পুরোপুরি অবসান হয়নি।

জেমস ও বারবারা ক্রোমার্টি দম্পতি বাড়িটিতে ১০ বছর বসবাস করেন। ১৯৮৭ সালের আগস্টে তাঁরা পিটার ও জিন ও’নিল দম্পতির কাছে বাড়িটি বিক্রি করে দেন। তত দিনে বাড়িটির নানা রকম বাহ্যিক পরিবর্তন হয়ে গেছে।

শেষ পর্যন্ত কী হলো

রোনাল্ড ডিফিও জুনিয়র ২০২১ সালের ১২ মার্চ কারাগারে মারা যান। তখন তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। অনেকবার তাঁর জামিনের চেষ্টা করা হয়; কিন্তু আদালত তাতে কর্ণপাত করেননি।

অ্যামিটিভিলের বাড়িটি এখনো সগৌরবে টিকে আছে। এটি নিউইয়র্কের লং আইল্যান্ডের অ্যামিটিভিলের ঠিকানা পরিবর্তন হয়ে ১০৮ ওশান অ্যাভিনিউ ঠিকানায় একটি ব্যক্তিগত আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অ্যামিটিভিলের সবচেয়ে ভয়ংকর সত্যটি তাই কোনো ভূতের গল্প নয়। সেটি হলো ১৩ নভেম্বর ১৯৭৪ সালের সেই রাতে একজন মানুষ নিজের মা-বাবা ও চার ভাইবোনকে হত্যা করেছিলেন; আর সেই হত্যাকাণ্ডের স্মৃতির ওপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল একটি ভুতুড়ে বাড়ির কিংবদন্তি।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য হিস্টরি

Read full story at source