কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না
· Prothom Alo

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি কোনো কারখানার সব মেশিন নষ্টও হয়ে যায়, তবে সেগুলো ফেলে দিয়ে ওই ফ্লোরে বসে কাঁথা সেলাই করুন; তবু ওই জায়গায় একটি অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। বন্ধ রাখা যাবে না।’
বন্ধ কলকারখানা সচল করতে গত সপ্তাহে সব ব্যাংকের কাছ থেকে খেলাপি গ্রাহকদের বিষয়ে চারটি সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে বলে জানান গভর্নর। এসব তথ্যের মধ্যে রয়েছে বর্তমান মালিকদের দিয়ে কারখানা চালানো সম্ভব কি না, বর্তমান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্রি করে অন্য কোনো যোগ্য উদ্যোক্তার হাতে দেওয়া যায় কি না, কারখানাটি ভাড়া দিয়ে চালু রাখা সম্ভব কি না এবং ওই স্থানে অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় কি না।
Visit freshyourfeel.org for more information.
গভর্নর বলেন, সাধারণ মানুষের রিজার্ভের টাকা ও ডলার খরচ করে গড়ে তোলা এসব কারখানা জাতীয় সম্পদ। এগুলোকে সচল রাখতে হবে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে’ এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, গত ১০ বছরে দেশের ঋণপ্রবাহ নির্দিষ্ট খাতে কেন্দ্রীভূত হয়ে গেছে। বর্তমানে করপোরেট ঋণ মোট ঋণের ৭০ থেকে ৮০ শতাংশে দাঁড়িয়েছে, যা হওয়ার কথা নয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে শুধু করপোরেট ঋণের জন্য লাইসেন্স দেওয়া হয়নি। ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানান গভর্নর। এ সময় একটি খাতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ওই খাতে দেশে মোট চাহিদা ৫ মিলিয়ন টন হলেও ইতিমধ্যে ১২ দশমিক ৫ মিলিয়ন টন উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। ব্যাংক খাত সংস্কার এবং মূলধন পুনর্গঠনের জন্য আগামী পাঁচ থেকে আট বছর রাজস্ব বাজেট থেকে বছরে অন্তত ৬০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছি।’
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সহজে ব্যবসা করার পরিবেশ তৈরি এবং প্রবাসী আয়সহ বিভিন্ন অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানান গভর্নর। এ সময় একটি উদাহরণ দিয়ে গভর্নর বলেন, ‘তথ্য খুঁজে দেখলাম, একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও বৈধ পথে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এগুলো কি সব বিনা পয়সায় হয়ে যাচ্ছে? নিশ্চয়ই না। এত লোক চিকিৎসার কারণে বিদেশে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন?’এ কারণে বিদেশে চিকিৎসার অর্থ পরিশোধের পাশাপাশি ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের অর্থ দেশে আনার প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আমরা ঘন ঘন নীতি পরিবর্তন করি, এটা শিল্পায়নের পথে বড় বাধা।’ এ সময় নবায়নযোগ্য জ্বালানি ও এনার্জি ইফিসিয়েন্সি তহবিলের আকার বাড়ানোর অনুরোধ জানান তিনি।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, পোশাক খাতের পর ইলেকট্রনিকস খাতই রপ্তানিতে বড় সম্ভাবনা তৈরি করেছে। বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই খাতে নীতিসহায়তা ও রপ্তানিসুবিধা বাড়ানো দরকার।
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী বলেন, চিকিৎসার জন্য প্রতিবছর দেশ থেকে ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার বাইরে চলে যাচ্ছে। এই অর্থপ্রবাহ ঠেকাতে স্বাস্থ্য খাতে বিনিয়োগের পরিবেশ সহজ করা প্রয়োজন।
চিকিৎসার জন্য বিদেশে অর্থ চলে যাওয়া ঠেকাতে সরকারের পরিকল্পনার কথা জানান গভর্নর। তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সরকার নির্ধারিত মূল্যে বেসরকারি হাসপাতাল থেকে ৫০০টি সার্জারি কিনে নেওয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যে একটি বিশেষায়িত হাসপাতাল এ বিষয়ে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহ দেখিয়েছে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) তৈরিতে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গভর্নরের সামনে।
অর্থনৈতিক সম্মেলনটি ছিল দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় পর্যায়ে জ্বালানি নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।