ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
· Prothom Alo

ইনডিপেনডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
Visit mchezo.co.za for more information.
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ–সংক্রান্ত আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে। অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি–বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের করে বিদেশে পাচারের অভিযোগও তাঁদের বিরুদ্ধে আছে। এর সঙ্গে পরবর্তী সময়ে শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারসংক্রান্ত একটি অভিযোগ ট্যাগ করা হয়। অনুসন্ধানকালে শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা যায়, এসব ব্যাংক হিসাব হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা চলছে। এমন অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে শামসুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।