নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৯ জন আটক
· Prothom Alo
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তাঁরাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।
Visit playerbros.org for more information.
আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। অন্যদের আটক করেছে বিভিন্ন থানা–পুলিশ।
ঢাকার ডিবি পুলিশের একটি সূত্র বলছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের আড়ালে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারী। কয়েকজনের পদ–পদবি রয়েছে। ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন। তাঁরাই সংগঠিত হয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।
ডিবির একটি সূত্র বলছে, আটক ব্যক্তিরা অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিলেন। শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।
সংঘর্ষের জেরে মিরপুর ১০, মিরপুর ১১ ও পল্লবী মেট্রোস্টেশন বেলা ১১টা ৩৮ মিনিট থেকে বেলা ১টা ৫৮ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়।
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৯ জন গ্রেপ্তার: পুলিশগাজীপুরে গ্রেপ্তার ৯
এদিকে গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।