যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস
· Prothom Alo

দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে বিতর্কের মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন ও নারীর অবমাননা করার অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্ক নিয়ে নিজের দায় স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর মতে, দৃশ্যগুলো নিয়ে আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তাঁর।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানেই উঠে আসে ‘পেড্ডি’ বিতর্ক। অনুষ্ঠানে করণ জানতে চান, সিনেমাটিতে যৌন আবেদননির্ভর উপস্থাপন নিয়ে সমালোচনায় সময় অভিনেত্রী নিজে কেন দৃশ্যগুলো ঠেকানোর চেষ্টা করেননি? বিষয়টি তাঁকে কীভাবে প্রভাবিত করেছে, তা জানতে চান তিনি।
Visit tr-sport.bond for more information.
জবাবে জাহ্নবী বলেন, সিনেমাটির পেছনে অনেক মানুষ পরিশ্রম করেছেন। তাই এ নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। তবে চরিত্রটির উপস্থাপন যে সমাজে, বিশেষ করে নারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা তাঁকে ভাবিয়েছে।
জাহ্নবী বলেন, ‘এই ঘটনার ক্ষেত্রে আমার নিজের দায়টুকু স্বীকার করা জরুরি। এ ধরনের উপস্থাপন সমাজে, বিশেষ করে আমার লিঙ্গের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা আমাকে গভীরভাবে ভাবায়। এই লজ্জা আমাকে সব সময় বয়ে বেড়াতে হবে।’
‘আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম’
নিজের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করে জাহ্নবী বলেন, ‘আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম? অবশ্যই পারতাম, শতভাগ।’
সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে সমালোচনার যৌক্তিকতাও স্বীকার করেন তিনি। তাঁর ভাষায়, ‘এটা কি সমস্যাজনক ছিল? নারীর চরম অবমাননা ছিল? এমনকি গল্পের মধ্য দিয়ে যৌন সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল? হ্যাঁ।’
ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেটিই এখন তাঁর লক্ষ্য বলে জানান অভিনেত্রী।
তবে শুটিংয়ের সময় একজন অভিনেতা যে সব ক্ষেত্রে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না, সে কথাও উল্লেখ করেন জাহ্নবী। পরিচালকের নির্দেশ মেনে চলাকে পেশাদারত্বের অংশ হিসেবে দেখার চাপ থাকে বলে জানান তিনি। যদিও নিজের দায় এড়িয়ে যাওয়ার জন্য বিষয়টি বলছেন না, সেটিও স্পষ্ট করেন।
জাহ্নবী বলেন, ‘পরিচালক যা বলেন, অনেক সময় মনে হয় পেশাদার থাকতে হলে সেটাই মেনে চলতে হবে। পরিচালকের কথা শুনতে হবে।’
এ ছাড়া চিত্রনাট্যে সব সময় দৃশ্যের পূর্ণাঙ্গ উপস্থাপন বোঝা যায় না বলেও জানান তিনি। বিশেষ করে ক্যামেরার কোণ, দৃশ্য ধারণের ধরন কিংবা পর্দায় শেষ পর্যন্ত কোনো দৃশ্য কেমন দেখাবে, তা আগে থেকে সব সময় স্পষ্ট থাকে না। পরিস্থিতি সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন, সেই অনুযায়ী দৃশ্যগুলোকে কম সমস্যাজনক করার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।
‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী ও রামচরণ। আইএমডিবি‘আমার সুবিধাজনক অবস্থান কাজে লাগানো উচিত ছিল’
বিতর্কের প্রসঙ্গে নিজের পারিবারিক ও সামাজিক অবস্থান নিয়েও কথা বলেছেন জাহ্নবী। তাঁর মতে, সুবিধাজনক অবস্থানে থাকার কারণে অনেকের তুলনায় তাঁর প্রতিবাদ করার সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগানো উচিত ছিল তাঁর।
জাহ্নবীর কথায়, ‘আমি এমন একটি অবস্থান থেকে এসেছি, যেখানে আমার অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধা আমার কাজে লাগানো উচিত ছিল। কারণ, সুবিধাজনক হওয়ার জন্য এমনিতেই আমাকে সমালোচনার মুখে পড়তে হবে। তাহলে সেই অবস্থানকেই কাজে লাগানো উচিত ছিল।’
কী নিয়ে বিতর্ক ‘পেড্ডি’
পরিচালক বুচি বাবু সানার সিনেমা ‘পেড্ডি’তে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর অভিনীত অচিয়াম্মা চরিত্রের উপস্থাপন নিয়ে আপত্তি জানান দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়েছে, যা নারীকে যৌন আবেদননির্ভর দৃষ্টিতে উপস্থাপন করে। কিছু দৃশ্যের মাধ্যমে যৌন সহিংসতাকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করে তোলার অভিযোগও ওঠে।
বিতর্কের পর পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। নারী চরিত্রকে অসম্মান করা বা অবমাননা করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না বলে জানান তিনি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণ থেকে বিতর্কিত দৃশ্যগুলো বাদ দেওয়া হয় অথবা সম্পাদনা করে পরিবর্তন আনা হয়।
এনডিটিভি অবলম্বনে