সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি
· Prothom Alo

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশের হাতে মোটরসাইকেল আটকের পর সেটি ছাড়িয়ে নিতে গিয়ে নিজেই আটক হয়েছেন রাসেল হোসাইন (৩০) নামের এক যুবক। নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে মোটরসাইকেলটি ছাড়ানোর চেষ্টা করেন তিনি। তবে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। পরে জানা যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।
Visit esporist.org for more information.
পুলিশের ভাষ্য, রাসেল দীর্ঘদিন ধরে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সিআইডির জ্যাকেট পরে আছেন, এমন ছবি নিজের মুঠোফোনে রাখতেন। ছবি তৈরি করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ সোমবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক রাসেল হোসাইন জেলার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় এক মোটরসাইকেলের চালককে থামার সংকেত দেওয়া হলে তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেন। নিজের নাম রাসেল বলেও জানান তিনি। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন রোববার মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল। এ সময়ও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন তিনি। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানান। ডিবি পুলিশের একটি দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় যাচাই করে। যাচাইয়ে নিশ্চিত হওয়া যায়, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন। পুলিশের ভাষ্য, তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। তবে কী ধরনের প্রতারণা, কতজনের সঙ্গে প্রতারণা করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ রাসেলের বিষয়ে তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইনের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।