দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রিকশা মেরামতে সিদ্দিক শেখের পাশে বন্ধুরা

· Prothom Alo

স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়েছেন। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক কষ্টে। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন রিকশাটিও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে নিজেও ঠিকমতো কাজ করতে পারছেন না। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন রিকশাচালক মো. সিদ্দিক শেখ (৫৬)। তাঁর এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভা।

২৫ অক্টোবর দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়ায় সিদ্দিক শেখের বাড়িতে গিয়ে রিকশা মেরামতের জন্য তাঁকে আর্থিক সহায়তা দেন বন্ধুসভার সদস্যরা।

Visit freshyourfeel.org for more information.

সিদ্দিক শেখের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, এক ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি। রিকশা চালিয়ে যা আয় করতেন, তা দিয়েই চলত সংসার। প্রায় চার বছর আগে স্ত্রী নুর জাহান বেগমের শরীরে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। এ জন্য ধারদেনাও করতে হয় তাঁকে। এরপরও স্ত্রীকে বাঁচাতে পারেননি। তিন বছর আগে মারা যান নুর জাহান বেগম।

সিদ্দিক শেখ বলেন, ‘রিকশা চালিয়ে যা আয় করতাম, তা দিয়েই সংসার চলত। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। অনেক ধারদেনাও করতে হয়েছে। তারপরও তাকে বাঁচাতে পারিনি।’

সিদ্দিক শেখ জানান, গত ২৭ আগস্ট গোয়ালন্দের পিয়ার আলীর মোড় এলাকায় রিকশা নিয়ে বাজারে যাওয়ার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। এতে তাঁর ডান পায়ের গোড়ালির তিনটি শিরা কেটে যায়। দুর্ঘটনায় তাঁর রিকশাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্নজনের সহযোগিতায় চিকিৎসা করালেও অর্থের অভাবে রিকশাটি মেরামত করতে পারেননি। রিকশাটি ঠিক করতে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন।

গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর অর্থের অভাবে সিদ্দিক শেখের অস্ত্রোপচার করানো কঠিন হয়ে পড়েছিল। তখন তিনি ব্যক্তিগতভাবে তাঁর পাশে দাঁড়ান এবং অস্ত্রোপচারসহ চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব নেন। পরে বন্ধুসভার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁর জীবিকার একমাত্র অবলম্বন রিকশাটি মেরামতের জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

জাকির হোসেন আরও বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ভালো কাজের অংশ হিসেবে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।’
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিদ্দিক শেখ। তিনি প্রথম আলো বন্ধুসভার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক, রাজবাড়ী বন্ধুসভার বন্ধু মাহাফুজুর রহমান, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি অম্বরেশ চক্রবর্তী, সহসভাপতি মঈনুল হক মৃধা, সাধারণ সম্পাদক সফিক মণ্ডল ও স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফিরোজ আহম্মেদসহ অন্য সদস্যরা।

Read full story at source