ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকেও ছাড়িয়ে গেল আফগানিস্তান
· Prothom Alo

তিন দিনের ব্যবধান। এই তিন দিনেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ছয় থেকে আটে নেমে যাওয়া হ্যারি ব্রুকের দলকে পেছনে ফেলেছে আফগানিস্তানও। উল্টো পথে হেঁটে আট থেকে সাতে উঠে এসেছে আফগানরা। আর ইংল্যান্ডের জায়গা দখল করে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা।
Visit tr-sport.bond for more information.
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুটি ত্রিদেশীয় সিরিজের পর আইসিসির হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে। দুই সিরিজের ফলই বদলে দিয়েছে র্যাঙ্কিংয়ের ৬ থেকে ৮ নম্বরের হিসাব।
আফগানিস্তানের উত্থান এসেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। শারজায় শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা।
অন্যদিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রথমে স্বাগতিকদের কাছে হারে ইংল্যান্ড। এরপর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও আবার হারে তারা। সেই জয়ের সুবাদেই ইংল্যান্ডকে টপকে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।
তবে র্যাঙ্কিংয়ে তিন দলের অবস্থান বদলে গেলেও রেটিং পয়েন্টের ব্যবধান খুব সামান্য। ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৫। ৭ নম্বরে উঠে আসা আফগানিস্তানের ৯৪। আর আটে নেমে যাওয়া ইংল্যান্ডের ৯৩। অর্থাৎ মাত্র ২ রেটিং পয়েন্টের মধ্যে আছে তিন দল।
শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছেশারজার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা জিম্বাবুয়েরও উন্নতি হয়েছে। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ২। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে এখন ১১ নম্বরে।
তবে বাংলাদেশের জন্য সুখবর নেই। একই টুর্নামেন্টে দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। তাতে রেটিং পয়েন্ট কমেছে ২। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮১। অবশ্য র্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১০৪), পাকিস্তান (১০৩) ও অস্ট্রেলিয়া (১০২)।