অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি

· Prothom Alo

গত সপ্তাহে ভাইরাস সংক্রমণে ভুগেছেন। মিস করেছিলেন চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলন ও শেষ অনুশীলন। যদিও বুধবার ম্যাচের দিন ডাগআউটে ঠিকই দাঁড়িয়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখ কোচ যে পুরোপুরি সেরে ওঠেননি, সেটিই দেখা গেল আজ। মিউনিখে অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে ভিনসেন্ট কোম্পানিকে।

আজ বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ। এ সময় অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসকের সহায়তায় তাঁকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কোম্পানির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বায়ার্নের আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

Visit saltysenoritaaz.org for more information.

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বায়ার্ন জানিয়েছে, কোম্পানিকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার এফসি বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় ভিনসেন্ট কোম্পানির চিকিৎসার প্রয়োজন হয়। প্রথম দলের কোচ হিসেবে তিনি দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন। হাসপাতালে তাঁর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসাধীন থাকবেন।’

বায়ার্নের ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল কোম্পানির সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কোম্পানি প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সুস্থ হতে তাঁর যতটা সময় প্রয়োজন, তাঁকে সেই সময় দেওয়া হবে। তাঁর কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বায়ার্নের সবাই ভিনিকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানাচ্ছে।’

২১ অক্টোবর বায়ার্ন–আর্সেনাল ম্যাচে ডাগআউটে ছিলেন ভিনসেন্ট কোম্পানি

এর আগে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোম্পানির বদলে কথা বলেন তাঁর সহকারী অ্যারন ড্যাঙ্কস। তখন তিনি বলেছিলেন, কোম্পানির বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। তাঁর পায়েও ব্যথা হচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি।

তবে বুধবার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বায়ার্নের ডাগআউটে ছিলেন কোম্পানি। অসুস্থতা নিয়ে ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘কোচ হিসেবে আপনি সব সময় সবকিছু করতে চান, সবকিছুর দেখভাল করতে চান। গত সপ্তাহে বেশ খারাপ একটি ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এরপরও শরীরের কথা শুনিনি। একপর্যায়ে শরীরই বলে দিয়েছে, এবার থামো।’

ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার ২০২৪ সালে বায়ার্নের কোচের দায়িত্ব নেন। তাঁর অধীনে জার্মান ক্লাবটি প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জেতে।

ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর

Read full story at source