রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক

· Prothom Alo

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে।

Visit h-doctor.club for more information.

আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সারাহ কুক।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, মিয়ানমারের পরিস্থিতি যখন ভালো হবে, তখন রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে সারাহ কুক বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে।’

কুমুদিনীতে দুর্গাপূজা দেখতে এসে নিজের উচ্ছ্বাসের কথা জানান যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’

এর আগে সারাহ কুক বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে কমপ্লেক্সের রেস্টহাউসে যান তিনি। সেখান থেকে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। তিনি বজরা নৌকায় চেপে লৌহজং নদের উত্তর পার থেকে দক্ষিণ পারে যান। এ সময় সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমারও নৌকায় ছিলেন।

নৌকা থেকে নেমে দুজন পূজামণ্ডপের সামনে আশানন্দ হলে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁদের স্বাগত জানান। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।

অতিথিরা আশানন্দ হলে বসে পূজামণ্ডপের সামনে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

Read full story at source