নিখোঁজ ব্যবসায়ীর ঝলসানো মরদেহ পড়ে ছিল বাড়ির পেছনের হলুদখেতে
· Prothom Alo
পাবনার সুজানগরে নিখোঁজের পরদিন এক রেস্তোরাঁ ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামে তাঁর বাড়ির পেছনের হলুদখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মোদক (৩৮) সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় কাশীনাথপুর বাজারে তাঁর একটি রেস্তোরাঁ আছে।
Visit saltysenoritaaz.org for more information.
স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সুপ্রভাত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে নিয়ে স্থানীয় কাশীনাথপুর বাজারে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি পরে যাবেন বলে জানান। এরপর আর তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বা বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা–পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ তাঁর সন্ধান শুরু করে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মুঠোফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। দিবাগত রাত ১২টার দিকে ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করার পরও তিনি ধরেননি। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁর অবস্থান সম্পর্কে রাতে নিশ্চিত হওয়া যায়নি। আজ সকালে বাড়ির পেছনের হলুদখেতে আগুনে ঝলসানো মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি ফজলে এলাহী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যার আগে নাকি পরে শরীরে আগুন ধরানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা ও হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।