কৃষ্ণ সাগর
· Prothom Alo
আমি স্বচ্ছ, অতি স্বচ্ছ।
স্বচ্ছ, স্বচ্ছ, স্বচ্ছ-নেই কোনো গোপন অস্ত্র।
স্বচ্ছতায় ক্রিস্টাল-ক্লিয়ার জলের মতোই স্বচ্ছ।
তবে কিছু গোপন ক্ষত আমারও আছে,
যা লুকিয়ে থাকে স্তর থেকে স্তরে,
অনুচ্চারিত শব্দে।
আমারও কিছু স্মৃতি আছে,
যেখানে আছে কেবল শূন্যতা।
আকাশের যেমন থাকে আবরণ,
আগুনের থাকে গন্ধ,
তেমনি প্রেমে আমারও আছে কিছু অনিবার্যতা।
ভূপৃষ্ঠের নিচে যেমন থাকে শিলার স্তর,
তেমনি উচ্চারণের অন্তরালে থাকে আমার নিজস্বতা।
নীরবতায় যেমন থাকে দহন,
আমার নেই উপসংহার,
নেই অনুগত স্বীকার,
নেই স্বাভাবিক পতন-
আছে কেবল ভালোবাসার পুরোনো প্রবাহ,
নির্বাচিত বর্জন।
এ কেমন তার অসম জ্যামিতি!
ভালোবাসার সূত্র মানে না,
নিউটনের আপেল মানে না,
আইনস্টাইনকে অসহায় করে তোলে সে।
আচ্ছা, সে কি বোঝে না-
ওজন কখনো ভরের সমার্থক নয়,
সংখ্যা কখনো নয় কারও অনুগত।
যে ধারণ করে, সেই তো হয় ক্লান্ত।
আমি সূর্যের লবণে ডুবে যেতে চাই।
তোমার বিরামচিহ্নে আমি মৃত মাছের চোখ হতে চাই।
আমি কঙ্কাল হতে হতে শিলালিপি হতে চাই।
জানি, দীর্ঘশ্বাস একটি অযোগ্য শব্দ।
কৃষ্ণ সাগরের ছায়াকেও সে গিলে ফেলতে পারে।
লেখক: শরীফুল আলম, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
Visit asg-reflektory.pl for more information.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]