গণতান্ত্রিক দেশে সব ক্ষমতার উৎস জনগণ—জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
· Prothom Alo
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন
অধ্যায়-৪
প্রশ্ন: রেমিট্যান্স বলতে কী বোঝায়?
উত্তর: প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিট্যান্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাঁদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠান। প্রবাসীদের প্রেরিত এ অর্থই রেমিট্যান্স।
Visit saltysenoritaaz.org for more information.
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান বর্তমানে সর্বাধিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল ১৯ দশমিক ৫৪ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণশিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করা হলে তাতে জাতীয় উৎপাদনে এই খাতের অবদান অনেক বড় হয়।
প্রশ্ন: উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য ব্যাখ্যা করো।
উত্তর: দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি। দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার ওপর তার প্রভাব পড়বে। দরিদ্রতা হ্রাস পাবে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে। এর সঙ্গে যদি আমাদের জনসংখ্যা বাড়ার হার নিয়ন্ত্রণে রাখা যায়, তবে প্রবৃদ্ধির সূচকে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।
প্রশ্ন: জনসংখ্যা কীভাবে জনসম্পদে পরিণত করা যায়?
উত্তর: মানবসম্পদে রূপান্তরিত করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা যায়। মানুষ তখনই সমাজ বা রাষ্ট্রের শক্তিতে পরিণত হয়, যখন সে সমাজ বা রাষ্ট্রের জন্য কিছু করতে পারে। অদক্ষ মানুষকে শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদির সাহায্যে মানবসম্পদে রূপান্তর করা যায়। একটি দেশের জনংসখ্যা এভাবে জনসম্পদে পরিণত হয়।
অধ্যায়–৫
প্রশ্ন: ‘জনগণ সব ক্ষমতার উৎস’—ব্যাখ্যা করো।
উত্তর: গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণ সব ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দমতো রাজনৈতিক দল ও ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশ নেয়।
প্রশ্ন: ‘জনগণ সব ক্ষমতার উৎস’—ব্যাখ্যা করো।
উত্তর: একটি গণতান্ত্রিক দেশে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা হয় জনগণকে। কেননা, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠিত হয় জনগণের ভোটে। জনগণ ভোটাধিকার প্রয়োগে পছন্দমাফিক সরকার বানাতে পারে। অথবা সরকারের পদ থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে। এ কারণেই জনগণকে সব ক্ষমতার উৎস বলা হয়েছে।
প্রশ্ন: ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়?
উত্তর: ধর্মনিরপেক্ষতা হলো সংবিধানের এমন একটি মূলনীতি, যাতে জনগণ ধর্মমত–নির্বিশেষে নিজ নিজ ধর্ম বাধাহীন ও অন্যের হস্তক্ষেপ ব্যতীত
পালন করতে পারে। মূলত ধর্মনিরপেক্ষতার মূলকথা হলো যে যার ধর্ম কোনো প্রকার বাধা ছাড়াই পালন করবে।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা