রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিটি ও জাপানি ভাষা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ১২০০ শিক্ষার্থী

· Prothom Alo

দেশ-বিদেশের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি–SICIP) সঙ্গে চুক্তি করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে।

Visit afrikasportnews.co.za for more information.

গতকাল মঙ্গলবার দুপুরে দিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এসআইসিআইপি–SICIP ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এতে মোট ১ হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রাজশাহী কেন্দ্রে ৪৫০ জন এবং ঢাকার কেন্দ্রে ৭৫০ জন প্রশিক্ষণ নেবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআইসিআইপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, যুগ্ম সচিব ও উপনির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান, উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মো. মতিউর রহমান এবং উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিম। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক মো. শামিম আহসান পারভেজ, পাবলিক হেলথ প্রোগ্রামের ভিজিটিং অধ্যাপক মো. মুনসুর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মো. খালেদ বিন ইউসুফ (অব.)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত কর্মসূচির আওতায় ক্লাউড কম্পিউটিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এবং নেটওয়ার্ক প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় জাপানি ভাষা শেখানোর ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সনদ অর্জনের সুযোগ পাবেন। কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশে সহায়তার পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠান ও রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের আইসিটি গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এ কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা নিজ এলাকায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাঁদের সম্ভাবনাময় ও চাহিদাসম্পন্ন খাতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক মানের আইসিটি দক্ষতা ও জাপানি ভাষায় প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশের কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন।

Read full story at source