বাংলাদেশের ট্রেইল রানিংয়ে নতুন ইতিহাস, ইউটিএমবি মন্ট-ব্লঁর ১০০ মাইল শেষ করলেন পার্থ সাহা

· Prothom Alo

বাংলাদেশের ট্রেইল রানিংয়ে নতুন মাইলফলক গড়েছেন আল্ট্রা রানার পার্থ সাহা। ফ্রান্সের শ্যামনিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন ট্রেইল রানিং প্রতিযোগিতা ইউটিএমবি মন্ট-ব্লঁ ২০২৬-এর ১০০ মাইল রেস সফলভাবে শেষ করেছেন তিনি।

Visit h-doctor.club for more information.

১৭৩.৬ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি রেসে পার্থকে অতিক্রম করতে হয়েছে প্রায় ৯৭০০ মিটার এলিভেশন গেইন। তিনি ৪৫ ঘণ্টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডে রেসটি শেষ করেন।

মন্ট ব্লঁ ম্যাসিফকে ঘিরে আয়োজিত এই ঐতিহাসিক রেস ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আবার শ্যামনিতে এসে শেষ হয়। দীর্ঘ দূরত্বের পাশাপাশি খাড়া পাহাড়ি পথ, পাথুরে ট্রেইল, ঠান্ডা আবহাওয়া এবং রাতের দৌড় সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম কঠিন আল্ট্রা ট্রেইল রেস হিসেবে পরিচিত।

পার্থের এবারের যাত্রা অবশ্য শুরু থেকেই সহজ ছিল না। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে রেসের মাত্র দুই দিন আগে তিনি সেখানে পৌঁছান। ফলে পাহাড়ের উচ্চতা ও পরিবেশের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাননি। রেস চলাকালেও ঠান্ডা ও জ্বরে ভুগেছেন তিনি। তারপরও রেস থামাননি পার্থ। দীর্ঘ প্রায় দুই দিন ধরে চলা এই শারীরিক ও মানসিক লড়াইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ফিনিশলাইন স্পর্শ করেন তিনি।

এক রেস থেকে আরেক রেসে পার্থের উত্থান

পার্থ সাহার এই অর্জন তাঁর দীর্ঘ আল্ট্রা রানিং যাত্রারই ধারাবাহিকতা। ২০২৫ সালের মে মাসে নেপালের পোখারায় অনুষ্ঠিত ফিশটেইল ১০০ আল্ট্রা ট্রেইল রেসে ১০০ কিলোমিটার বিভাগে অংশ নিয়ে সফলভাবে রেস শেষ করেন তিনি। কঠিন ওই প্রতিযোগিতায় ৫০ জনের মধ্যে মাত্র পাঁচজন ফিনিশ করতে পেরেছিলেন, তাঁদের একজন ছিলেন পার্থ। একই বছরের ডিসেম্বরে থাইল্যান্ডের চিয়াং দাও ১৬০এম রেসেও ১০০ মাইলের চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করেন তিনি। প্রায় ১৬৮ কিলোমিটারের ওই রেস শেষ করতে পার্থের সময় লেগেছিল ৩৬ ঘণ্টার কিছু বেশি।
এবার ফ্রান্সের মন্ট ব্লঁতে এসে নিজের সেই অভিজ্ঞতাকে আরও বড় মঞ্চে নিয়ে গেলেন তিনি।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশ মূলত সমতল ভূখণ্ডের দেশ। ফলে বিশ্বের দুর্গম পাহাড়ি ট্রেইলে আল্ট্রা রানিংয়ে অংশ নেওয়া দেশের দৌড়বিদদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। এমন প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ১০০ মাইল ট্রেইল রেস সফলভাবে শেষ করা বাংলাদেশের আল্ট্রা ও ট্রেইল রানিংয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। পার্থ সাহার এই সাফল্য দেশের ট্রেইল রানারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থের এই অর্জনকে বাংলাদেশের ট্রেইল রানিংয়ের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানানো হয়েছে। তাঁর এই ফিনিশকে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ট্রেইল রানারদের জন্য অনুপ্রেরণা হিসেবেও দেখা হচ্ছে।

১৭৩.৬ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে পার্থ সাহার এই ফিনিশ শুধু একটি রেস শেষ করা নয়; আন্তর্জাতিক ট্রেইল রানিংয়ের মানচিত্রে বাংলাদেশের লাল-সবুজ পতাকার আরেকটি দৃশ্যমান উপস্থিতি।

ছবি:

Read full story at source