একদিন হঠাৎ

· Prothom Alo

জানি একদিন হঠাৎ—
অন্তর্জালে কোনো অচেনা মানুষ...
অতটাও অচেনা ঠিক বলব না,
হয়তো ঘুরে বেড়িয়েছে বহুকাল
আমার প্রিয় রাস্তাটা ধরে,
পছন্দের টংটায় কেটেছে
অসংখ্য বিকেল, সন্ধ্যা এমনকি
ঘুমে জড়ানো মধ্যদুপুর...
হয়তো যে ক্লাসরুমে আমি জড়িয়েছি
আধো ঘুম আধো জাগ্রত তন্দ্রায়
বহু লাঞ্চ-ফেরত ক্লান্ত বিকেলে,
হয়তো যে চায়ের কাপে আমার চুমুক
প্রতি দিনক্ষণ নিত্য প্রহর,
একই কাপ, একই বেঞ্চ
হয়তো কিছু বছর এদিক-সেদিক,
ঠিক ততটাই অচেনা,
তারপর হঠাৎ দমবন্ধ বিষণ্নতা...
একদিন হঠাৎ—
সাতটা পঞ্চাশের ঘুমভাঙা সকাল...
সচেতন মস্তিষ্ক আর ভাববে না আটটার ক্লাস,
ঠিক কতটা দ্রুত গেলে
প্রফেসরের আগে পৌঁছব,
ঠিক কতটা দেরিতে
অ্যাটেনডেন্সটা নিশ্চিত,
এত এত অভিজ্ঞ ছকে বাঁধা হিসাব
একদিন হঠাৎ
আর কষতে হবে না
একদিন হঠাৎ—
ভোর পাঁচটার ঘুম ভাঙা অ্যালার্ম...
জমে থাকা ল্যাব রিপোর্ট
আর নয়টার বাধ্যতামূলক উপস্থিতি,
ঠিক কতটা লিখব,
কতটুকু লিখলে বাঁচবে
ল্যাবে যাওয়ার ন্যূনতম সময়টা,
কতটা লিখলে আমি হব
কিছুটা ব্যতিক্রমী,
এত এত হিসাবের জটিলতা
একদিন হঠাৎ
আর কষতে হবে না
তারপর হঠাৎ একদিন অন্তর্জালে
অমনই অচেনা কেউ বলবে—
এরপর আর ক্লাসে ফেরা হলো না,
আর ক্লাসে ফেরা হলো না...

Visit bettingx.club for more information.

Read full story at source