উত্তরায় পেট্রলপাম্পের টাকা লুটের ঘটনায় আরও ৪৮ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

· Prothom Alo

রাজধানীর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) সোয়া কোটি টাকা লুটের ঘটনায় আরও ৪৮ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত চার দিনে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তার একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, হাতকড়া ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। এ নিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোট ৬০ লাখ টাকা উদ্ধার এবং আটজনকে গ্রেপ্তার করা হলো।

Visit tr-sport.bond for more information.

গ্রেপ্তার নতুন তিনজন হলেন আবদুল হাকিম, আবদুল জলিল ও কাউসার। র‍্যাব বলেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন আবদুল হাকিম, তথ্য সংগ্রহ করেন কাউসার আর বাস্তবায়নে ছিলেন আবদুল জলিল।

আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ ডাকাতচক্র ঘটনাস্থল রেকি করে ডাকাতি সংঘটিত করে এবং লুণ্ঠিত টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ১৬ আগস্ট রাতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, হাতকড়া ও ওয়্যারলেস সেটসহ আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে কাউসারকে এবং গতকাল বুধবার রাতে সাভার এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা টাকা, অস্ত্র, গুলি, সরঞ্জামাদিসহ তিন ডাকাতকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ১৪ আগস্ট রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অস্ত্র, গুলি এবং ছিনতাই হওয়া ১২ লাখ টাকাসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

৯ আগস্ট সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে কর্মচারীকে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া টাকা ডিএল ফিলিং স্টেশনের।

গ্রেপ্তার ১২ চাঁদাবাজ

এদিকে গতকাল বুধবার রাজধানীর তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্রের ১২ সদস্যকে হাতেনাতে আটক করেছে র‍্যাব।

প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, চক্রটি প্রতিদিন ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভ্যান, রিকশা ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি দেখাত।

অভিযানের সময় চাঁদা আদায়কালে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চাঁদার ১১ হাজারের বেশি টাকা উদ্ধার করা হয়।

Read full story at source