বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন সহযোগিতা বাড়াতে ভিসা সহজীকরণ ও কর্মসংস্থানে জোর

· Prothom Alo

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে ফ্লাইটের সংখ্যা ও চলাচলের পরিমাণ বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজ করা, দক্ষতা উন্নয়ন এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার আতিথেয়তা খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পর্যটকদের যাতায়াত বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মান ও বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের মধ্যে বৈঠক হয়। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

Visit asg-reflektory.pl for more information.

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা তৈরির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও চলাচলের হার বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং প্রি-ভেরিফিকেশনের মতো বিষয় উঠে আসে। এ ছাড়া পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার বিভিন্ন মডেল বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও দুই পক্ষ আলোচনা করে।

দুই দেশের মধ্যে পর্যটন উন্নয়ন, মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপমহাসচিব চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকাবিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ট্যুরিজম মালয়েশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ।

Read full story at source