৫০০ হাসপাতালে চিকিৎসায় মূল্যছাড় ও টেলিমেডিসিন সুবিধা পাবেন পোশাকশ্রমিকেরা

· Prothom Alo

দেশের নিট পোশাক খাতের শ্রমিক–কর্মচারীদের সহজ শর্তে বিমা–সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এর আওতায় এই খাতের শ্রমিক–কর্মীরা ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা এবং ৫০০টির বেশি হাসপাতালে মূল্যছাড় পাবেন।

এ লক্ষ্যে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) আজ বৃহস্পতিবার গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

Visit betsport.cv for more information.

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অতিথিদের মধ্যে ছিলেন শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আবদুর রহমান তরফদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের কো-ফাউন্ডার তপন চৌধুরী, উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুর প্রমুখ।

নতুন এ উদ্যোগের আওতায় বিকেএমইএর আড়াই হাজারের বেশি সদস্য কারখানার শ্রমিক–কর্মচারীরা বছরে মাত্র ২৫০ টাকা (প্রতি মাসে প্রায় ২০ টাকা) প্রিমিয়াম জমা দিয়ে এই সুবিধা পাবেন। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও একই সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বেসরকারি একটি প্রতিষ্ঠান শ্রমিকদের চিকিৎসাসেবায় যতখানি এগিয়ে এসেছে, এর সঙ্গে সরকার আন্তরিকভাবে যুক্ত হলে দেশের সব শ্রমিককে এই চিকিৎসাসেবার আওতায় আনায় কোনো অসুবিধা হবে না। এ উদ্যোগ থেকে ধারণা নিয়ে পুরো কর্মসংস্থান খাতকে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করতে পারি।’

বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বিমা–সুবিধার আওতায় আনা গেলে দেশে একটি যুগান্তকারী মডেল তৈরি হবে। সরকার চাইলে প্রণোদনা দিয়ে সব কারখানার জন্য এ ব্যবস্থা বাধ্যতামূলক করতে পারে।’

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সহপ্রতিষ্ঠাতা তপন চৌধুরী জানান, অত্যন্ত স্বল্প প্রিমিয়ামে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর একটি গবেষণার তথ্য তুলে ধরে বলেন, ‘কাজের পরিবেশ উন্নত করা গেলে কর্মীদের উৎপাদনশীলতা অন্তত ১০ শতাংশ বৃদ্ধি পায়। আমাদের প্রধান সম্পদ মানবসম্পদ; তাদের মান উন্নত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।’

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ভালো যেকোনো উদ্যোগের সঙ্গে বিকেএমইএ সব সময় থাকবে।’

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিম বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা বিকেএমইএর কর্মীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দিতে চাই। আমরা মনে করি, বিমা কেবল একটি সেবা নয়, এটি বিপদে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি।’

Read full story at source