গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতিসহ ৪১ নেতা-কর্মীর পদত্যাগ
· Prothom Alo

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজুর রহমান (ফরিদ) মুন্সীর নেতৃত্বে আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার রাত আটটার দিকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন মফিজুর রহমান (ফরিদ) মুন্সী। তিনি গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
Visit asg-reflektory.pl for more information.
লিখিত বক্তব্যে মফিজুর রহমান বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তাঁর সঙ্গে থাকা নেতারা আওয়ামী লীগের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করার পর ৩ আগস্ট থেকে তাঁরা দলের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না।
ফরিদ মুন্সী বলেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি সম্মানের সঙ্গে গ্রহণ করারও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা তাঁদের ঘোষণায় নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান বা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
পদত্যাগকারী নেতা–কর্মীদের মধ্যে রয়েছেন মফিজুর রহমান (ফরিদ) মুন্সী, সাইদুল ইসলাম (সাবু), আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফফর হোসেন, আসাদুজ্জামান (মন্টু), রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আবদুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির, লায়েকুজ্জামান (জামান), আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান (ঝন্টু) মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর ও খায়ের মোল্লা।