টয়লেটের ট্যাংকে পড়ে ছিল শিক্ষিকার লাশ, ঘর ছিল সিঁধকাটা

· Prothom Alo

পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংক থেকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামে নিজ বাড়ির ট্যাংক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়েছে।

Visit freshyourfeel.com for more information.

নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী ও ইউনিয়নের চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষক ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী ঢাকায় থাকেন।

স্থানীয় ও প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন গীতা রানী। এরপর সকালে তাঁকে আর পাওয়া যায়নি। তাঁর ঘরে সিঁধ কাটা (চোর প্রবেশের গর্ত) দেখা যায়। প্রতিবেশীরা খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকে তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ওই নারীর ঘরে চোর ঢুকেছিল। তিনি টের পাওয়ায় তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর ট্যাংকে লাশ ফেলে রাখা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read full story at source