চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

· Prothom Alo

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চাকরি-বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নেই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট (পদ) হোল্ড করতে পারলে ওটাই কোয়ালিফিকেশন (যোগ্যতা)।’

Visit extonnews.click for more information.

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

বিএনপি এক শ ভাগ দলীয়করণ করছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাইল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে।’

বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে ফিরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বিএনপির উদ্দেশে অভিযোগ করে বলেন, স্লোগানে তাঁরা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এ অপরিণামদর্শী পথ থেকে সরে আসতে আহ্বান জানান।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পরে তাঁকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন আয়োজনে অতিরিক্ত সচিবের সরাসরি ভূমিকা থাকে। বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন। নির্বাচন কমিশনেও তিনি একই এজেন্ডা বাস্তবায়ন করবেন। তিনি সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম প্রমুখ।

Read full story at source