ডাক্তার হয়ে বিনামূল্যে গরিবের সেবা করতে চায় আলোর পাঠশালার মুশফিকা
· Prothom Alo
দারিদ্র্যের কশাঘাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছে মুশফিকা খাতুন। নওগাঁ জেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্রী ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হতে চায়। উদ্দেশ্য— নিজের এলাকা ও আশপাশের দুস্থ, অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া। মুশফিকা খাতুন ২০২২ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। বর্তমানে সে দশম শ্রেণীর এক নিয়মিত ও কৃতী শিক্ষার্থী। কামদেবপুর গ্রামের কৃষক মো: আল মামুন হক ও গৃহিণী মোসাঃ আয়েশা খাতুনের তিন ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়।
সামান্য জমির স্বল্প আয় থেকে যেখানে সংসার চালানোই এক কঠিন সংগ্রাম, সেখানে মুশফিকার পড়াশোনা চালিয়ে যাওয়া কম চ্যালেঞ্জের ছিল না। তবুও মেয়ের পড়ালেখার অদম্য আগ্রহ ও স্বপ্ন পূরণে সব কষ্ট সহ্য করতে রাজি তার বাবা। মুশফিকার বাবা মো: আল মামুন হক আবেগাপ্লুত হয়ে বলেন, আমার মেয়ে গত তিন বছর ধরে একদিনও স্কুলে অনুপস্থিত ছিল না। তার শতভাগ উপস্থিতিই প্রমাণ করে পড়ালেখার প্রতি সে কতটা অনুরাগী। আমার যত কষ্টই হোক না কেন, সন্তানের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
Visit betsport.cv for more information.
নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে মুশফিকা খাতুন বলে, ' ছোটবেলা থেকেই স্বপ্ন আমি ডাক্তার হব। আমার চোখের সামনে গ্রামের অনেক অসহায় ও গরিব মানুষকে বিনা চিকিৎসায় মারা যেতে দেখেছি। পড়ালেখা শেষ করে আমি একজন আদর্শবান ডাক্তার হয়ে আমার এলাকার দুস্থ মানুষের বিনামূল্যে সেবা করতে চাই।' মুশফিকা তার এই অগ্রযাত্রার জন্য গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সকল শিক্ষক এবং প্রথম আলো ট্রাস্টের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।