আতিফ আসলামের কনসার্টের ভুয়া টিকিট বিক্রির অভিযোগে ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

· Prothom Alo

অনলাইনে আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে বখতিয়ার আবিদ খান (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন।

আজ শনিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার বখতিয়ার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা।

Visit bettingx.bond for more information.

সিআইডি জানিয়েছে, ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকার ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করবে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা ‘গেট মাই টিকিট ডট লাইভ’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকরপোরেটেডের ফেসবুক পেজে প্রচারণা শুরু করে।

এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

সিআইডি আরও জানায়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট সরিয়ে নেওয়ার পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট দেওয়া অব্যাহত রাখবেন বলে জানান। পাশাপাশি ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনকরপোরেটেডের ব্যবসায়িক ক্ষতি করবেন বলেও হুমকি দেন। এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে ১৬ জুলাই বিকেলে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডির ভাষ্য, বখতিয়ার আবিদ খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

Read full story at source