লুচি, আলুর দম আর খেজুর গুড়ের দুধ–চায়ের রেসিপি
· Prothom Alo

বৃষ্টিদিনের সকালকে আরও উপভোগ্য করে তুলতে পারে দেশীয় খাবারের এই প্ল্যাটার। রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম
১. লুচির রেসিপি
উপকরণ
ময়দা ৬ কাপ (প্রায় ৭২০ গ্রাম)
Visit newsbetting.cv for more information.
লবণ ১½চা–চামচ
চিনি ১ চা–চামচ
সাদা তেল বা ঘি ৬ টেবিল চামচ
কুসুম গরম পানি প্রায় ২ থেকে ৩ কাপ
ভাজার জন্য সয়াবিন তেল পর্যাপ্ত
প্রণালি
ময়দা, লবণ, চিনি ও তেল বা ঘি ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত কিন্তু মসৃণ একটি খামির তৈরি করুন।
এবার ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০ থেকে ৩০ মিনিট বিশ্রাম দিন।
সমান আকারে ২৪ থেকে ৩০টি লেচি করে প্রতিটি লেচিতে হালকা তেল মেখে ৪ থেকে ৫ ইঞ্চি ব্যাসের গোল লুচি বেলে নিন।
কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে একেকটি লুচি ছেড়ে হালকা চাপ দিন। ফুলে উঠলে উল্টে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে তুলে নিন।
২. আলুর দমের রেসিপি
উপকরণ
ছোট আলু ১ কেজি (না থাকলে বড় আলু ৮ থেকে ১০টি, টুকরা করা)
পেঁয়াজবাটা ১ কাপ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
টমেটো পেস্ট ২টি মাঝারি
টক দই আধা কাপ (ঐচ্ছিক)
জিরাগুঁড়া ১ চা–চামচ
ধনেগুঁড়া ২ চা–চামচ
হলুদগুঁড়া ১ চা–চামচ
মরিচগুঁড়া ১ চা–চামচ (স্বাদমতো)
গরমমসলার গুঁড়া ১ চা–চামচ
তেজপাতা ২টি
দারুচিনি ২ টুকরা
এলাচি ৩টি
লবঙ্গ ৪টি
লবণ স্বাদমতো
চিনি ১ চা–চামচ
শর্ষে বা সয়াবিন তেল ১ কাপ
কাঁচা মরিচ ৫টি
পানি ৩ কাপ
ধনেপাতাকুচি সাজানোর জন্য
প্রণালি
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি ও লবঙ্গ ফোড়ন দিন।
পেঁয়াজবাটা দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
আদা, রসুন ও টমেটো দিয়ে কষান।
সব গুঁড়া মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
দই ব্যবহার করলে ফেটিয়ে দিয়ে আরও ২ মিনিট কষান।
ভাজা আলু দিয়ে ৫ মিনিট নাড়ুন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন।
শেষে গরমমসলা, চিনি, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে নিন।
লুচির সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে এই আলুর দম।
৩. খেজুর গুড়ের দুধ–চায়ের রেসিপি
উপকরণ
পানি ৩ কাপ
তরল দুধ ৩ কাপ
চা–পাতা ৩ টেবিল চামচ
খেজুরের গুড় স্বাদ অনুযায়ী
এলাচি ৪টি (হালকা থেঁতো করা)
প্রণালি
একটি পাত্রে পানি, এলাচি ও চা–পাতা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন।
দুধ ঢেলে মাঝারি আঁচে আরও ৫ থেকে ৭ মিনিট ফুটতে দিন।
চুলা বন্ধ করে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন, যাতে চা সামান্য ঠান্ডা হয়।
এবার খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে গুড় গলিয়ে নিন।
ছেঁকে গরম-গরম পরিবেশন করুন।