সাতক্ষীরায় বাড়ির পাশের ঘের থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

· Prothom Alo

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের মাছের ঘের থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

Visit grenadier.co.za for more information.

নিহত শিক্ষার্থীর নাম আবদুর রহমান (১২)। সে কুলপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা জানান, আবদুর রহমানের পাঁচ বছর বয়সে তাঁর মা–বাবার বিবাহবিচ্ছেদ হয়। পরে তাঁর মা অন্যত্র বিয়ে করেন। আবদুর রহমান তার খালা শেফালি খাতুনের কাছে থাকত। বুধবার সকালে শেফালি খাতুন তাঁর স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে চিকিৎসকের কাছে যান। বাড়ি ফিরে তিনি আবদুর রহমানকে পাননি। পরে আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।

শেফালি খাতুন বলেন, আজ সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি মাছের ঘেরে আবদুর রহমানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Read full story at source