‘জীবনের গল্প, আছে বাকি অল্প’—অপূর্ণ গল্পের নাম এন্ড্রু কিশোর

· Prothom Alo

‘জীবনের গল্প, আছে বাকি অল্প’—নিজের গাওয়া গানের কথাগুলো যেন অজান্তেই জীবনের জন্য লিখে রেখে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। আরও কিছু স্বপ্ন, গান আর অসমাপ্ত কিছু পরিকল্পনা নিয়ে ফিরতে চেয়েছিলেন জীবনের মঞ্চে। কিন্তু ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সেই ফেরা আর হয়নি। ২০২০ সালের আজকের দিনে থেমে যায় বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের জাগতিক ভ্রমণ। তবে তাঁর কণ্ঠ থামেনি; আজও মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে বেঁচে আছে তাঁর গান।

Visit zeppelin.cool for more information.

সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য, অগণিত শ্রোতার ভালোবাসা এবং কালজয়ী সব গানে কণ্ঠ—এসবই এন্ড্রু কিশোরকে ‘প্লেব্যাক সম্রাট’ করে তোলে। সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আনন্দ-বেদনা—জীবনের সব অনুভূতিকে তিনি কণ্ঠে এমনভাবে ধারণ করেছিলেন যে প্রজন্মের পর প্রজন্ম তাঁর গানে নিজেদের গল্প খুঁজে পেয়েছে।
১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। শৈশব-কৈশোর কেটেছে সেখানেই। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল গভীর অনুরাগ। রাজশাহীর সংগীতগুরু আবদুল আজিজ বাচ্চুর কাছে তাঁর সংগীতের প্রাথমিক শিক্ষা। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করতেন। তখন হয়তো এন্ড্রু কিশোরও জানতেন না, একদিন বাংলা চলচ্চিত্রের গানে তিনি হয়ে উঠবেন অপরিহার্য একটি নাম।

এন্ড্রু কিশোর

১৯৭৭ সালে চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের যাত্রা শুরু। সংগীত পরিচালক আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তাঁর। পরে ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রে গান করলেও ১৯৭৯ সালে ‘প্রতিজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে এ মন চুরি করে’ গান তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি। এরপর আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

একের পর এক জনপ্রিয় গান দিয়ে এন্ড্রু কিশোর জয় করে নেন মানুষের মন। ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’, ‘এইখানে দুজনে নিরজনে’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’—এমন অসংখ্য গান আজও মানুষের মুখে মুখে ফেরে।

এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। কখনো রুনা লায়লার সঙ্গে, কখনো সাবিনা ইয়াসমীনের সঙ্গে, আবার কখনো কনকচাঁপার সঙ্গে তাঁর জুটি শ্রোতাদের উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় গান। তাঁর দরাজ, আবেগময় ও শক্তিশালী কণ্ঠ খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিত। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ছিল অসীম। এ কথা বললে ভুল হবে না যে তাঁর পেশা ও নেশা—দুটিই ছিল গান। জীবনের প্রায় প্রতিটি মুহূর্তে তিনি গানকে প্রাধান্য দিয়েছেন। এমনকি বিয়ের দিনও স্টুডিওতে গিয়ে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছিলেন, বিয়ের পরদিন ভোরে সংগীত পরিচালক আলী হোসেনের ফোন পেয়ে ঘুম থেকে উঠে সরাসরি ছুটে গিয়েছিলেন রেকর্ডিং স্টুডিওতে।

বিয়ের দিন এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

গান এন্ড্রু কিশোরকে ব্যক্তিগত জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। ছেলের প্রথম জন্মদিনে ছিলেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় জন্মদিনে স্টুডিওতে। তবু পরিবারের প্রতি ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। এন্ড্রু কিশোর নিজেই বলেছিলেন, তাঁর চিন্তার জগৎ সীমাবদ্ধ ছিল স্ত্রী, সন্তান আর ঘরকে ঘিরে। সংগঠন, রাজনীতি কিংবা বিভিন্ন সমিতির কর্মকাণ্ডে খুব একটা দেখা যেত না তাঁকে। নিজের মতো করেই জীবনকে উপভোগ করতেন।

১৯৮৩ সালে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমীন

এন্ড্রু কিশোর ছিলেন একজন পেশাদার শিল্পী। গান গাওয়ার বাইরে গীতিকার বা সুরকার হওয়ার চেষ্টা করেননি। তাঁর বিশ্বাস ছিল, তিনি সবচেয়ে ভালো পারেন গান গাইতে। তাই গায়ক হিসেবেই নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিতে চাইতেন। এন্ড্রু কিশোর সংগীত প্রতিভা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছিল ভারতেও। দেশটির কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেববর্মন (আর ডি বর্মন) তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে বলিউডে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। আর ডি বর্মনের সুরে ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘শত্রু’তে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর। তাঁর গাওয়া দুটি গান সে সময় শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল।

এন্ড্রু কিশোরের সঙ্গে রেকর্ডিংয়ে কনকচাঁপা

সংগীতজীবনে এন্ড্রু কিশোর পেয়েছেন অসংখ্য সম্মাননা। বাংলা চলচ্চিত্রের গানে অসামান্য অবদানের জন্য আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া পাঁচবার পেয়েছেন বাচসাস পুরস্কার। কিন্তু পুরস্কারের চেয়েও বড় ছিল মানুষের ভালোবাসা।

উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক রাহুল দেববর্মনের সঙ্গে এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

জীবনের শেষ অধ্যায়ে এসে এন্ড্রু কিশোরের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যানসার। চিকিৎসার জন্য ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে যান। ১০ মাস চিকিৎসা চলে সেখানে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা আর সম্ভব হয়নি। দেশে ফেরার জন্য ছিলেন ব্যাকুল। ২০২০ সালের জুনে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়; কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যেতে থাকে। মৃত্যুর কয়েক দিন আগে হুইলচেয়ারে বসে মঞ্চে উঠেছিলেন, গেয়েছিলেন সেই বিখ্যাত গান—‘জীবনের গল্প আছে বাকি অল্প’। যেন নিজের জীবনের শেষ কথাগুলোই সুরে সুরে বলে যাচ্ছিলেন।

এন্ড্রু কিশোর, পুলক বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন

‘সবাই তো ভালোবাসা চায়’—এন্ড্রু কিশোরের গাওয়া এই গান আজও মানুষের হৃদয়ে অনুরণিত হয়। এন্ড্রু কিশোরও ভালোবাসা চেয়েছিলেন, আর সেই ভালোবাসা তিনি পেয়েছিলেন দেশ–বিদেশের গানপ্রেমী অগণিত মানুষের কাছ থেকে। সেই ভালোবাসাই তাঁকে অমর করে রেখেছে বাংলা গানের ইতিহাসে। বাংলা গানের আকাশে যত দিন সুর ভেসে বেড়াবে, তত দিন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের কণ্ঠও বেঁচে থাকবে মানুষের মনে ও ভালোবাসায়।

Read full story at source