গায়ক মুগ্ধ নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছেন

· Prothom Alo

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে একসময় পরিচিতি পেয়েছিলেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। গান দিয়ে দর্শকদের মুগ্ধ করা সেই মুগ্ধ এবার নতুন পরিচয়ে আলোচনায়। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন এই প্রতিভাবান তরুণ।

Visit newsbetting.cv for more information.

গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানান মুগ্ধ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।’

একই পোস্টে এই অর্জনের পেছনের দীর্ঘ পথচলার কথাও উল্লেখ করেন তিনি। ২০১৯ সাল থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধ লেখেন, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া।’ মুগ্ধ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।’

মির্জা তানজিম শরীফ মুগ্ধ

মুগ্ধর সাফল্যের গল্প অবশ্য আজকের নয়। স্কুলজীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ–৫ পান। পরে বুয়েট থেকে প্রকৌশল শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

গানের পাশাপাশি গণিতেও সমান উজ্জ্বল ছিলেন মুগ্ধ। ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন। জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে পরিচিতি পান তিনি। তবে শুধু সংগীত নয়, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন। বুয়েটে ভর্তি হওয়ার আগেই তাঁর ঝুলিতে ছিল ২৯টি জাতীয় পুরস্কার। খেলাধুলাতেও ছিলেন সফল; ২০০৮ সালে আন্তস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

মির্জা তানজিম শরীফ মুগ্ধ

ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা কলেজশিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর যমজ এক ভাইও রয়েছেন।

গান, গণিত, পড়াশোনা কিংবা নেতৃত্ব—প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। সেরাকণ্ঠের মঞ্চ থেকে শুরু হওয়া তাঁর আলোচিত পথচলা এবার প্রশাসন ক্যাডারে। নতুন দায়িত্বে সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

Read full story at source