মুন্সিগঞ্জে হাতকড়া পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা তিন ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার

· Prothom Alo

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশি হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে তিন ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বীরতারা এলাকায় নিজ বাড়ি থেকে সাব্বির শেখ (৩৫) নামের ওই নেতাকে আটক করা হয়। পরে তিনি পালিয়ে যান। রাত পৌনে ১২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Visit extonnews.click for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির শেখ শ্রীনগর থানায় নাশকতার অভিযোগে করা একটি মামলার আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তিনি এলাকায় এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়ো করে উসকানিমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালানোর দাবি করে।

পুলিশ জানায়, আটকের পর সাব্বির শেখের দুই হাতে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উপস্থিত লোকজনের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক ও হট্টগোলের মধ্যে কৌশলে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি। ঘটনার পরপরই একাধিক দল অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে একই এলাকা থেকে সাব্বির শেখকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, সাব্বির শেখের বিরুদ্ধে নাশকতার অভিযোগে শ্রীনগর থানায় একটি মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Read full story at source