যাত্রাবাড়ী থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ১৩ দিনেও খোঁজ মেলেনি

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে মো. ইউছুফ দালাল (১৮) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। ১৩ দিন ধরে তাঁর কোনো হদিস নেই।

ইউছুফের নিখোঁজের ঘটনায় তাঁর বড় ভাই মো. ইব্রাহীম ১৬ জুন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, ১৫ জুন সকাল ৬টার দিকে বিবির বাগিচার ২ নম্বর গেটের বাসা থেকে বের হন ইউছুফ। এরপর তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

Visit newsbetting.bond for more information.

ইউছুফদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। ঢাকায় তাঁদের পরিবার বিবির বাগিচা এলাকায় থাকে। ইউছুফ রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় পড়েন। তাঁর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।

আজ শনিবার সন্ধ্যায় ইউছুফের বড় ভাই মো. ইব্রাহীম বলেন, ১৩ দিন ধরে তাঁর ছোট ভাই নিখোঁজ। তাঁর পরিবার গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে।

নিখোঁজের বিষয়ে জানতে জিডির তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিমের সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো। তিনি বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ নানাভাবে নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ চলছে। ওই শিক্ষার্থীর কাছে কোনো মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নেই। ফলে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবু তাঁর সন্ধান পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

Read full story at source