ভাঙনের মধ্যেই অ্যালবামের ঘোষণা
· Prothom Alo

পথচলার দুই দশক পার করেছে রক ব্যান্ড মেকানিক্স। এ উপলক্ষে আসছে নতুন অ্যালবাম। ভক্তদের এ আনন্দের মধ্যেই খারাপ খবর দিয়েছে ব্যান্ডটি। ব্যান্ড ছাড়ছেন দুই গিটারিস্ট সাইফ ইরফান ও বেজিস্ট সৌমিক ইসলাম। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছে মেকানিক্স। পোস্টে প্রশ্ন রেখে লিখেছে—‘একটি অধ্যায়ের সমাপ্তি, নাকি নতুন কিছুর সূচনা?’
ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘দীর্ঘ পথচলার অসংখ্য স্মৃতি, মঞ্চের আলো, স্টুডিওর নির্ঘুম রাত, হাসি–কান্না আর সুরের বন্ধনে গড়া এক যাত্রার গুরুত্বপূর্ণ দুই সহযাত্রী—সৌমিক ইসলাম এবং সাইফ ইরফান আজ থেকে মেকানিক্সের বর্তমান লাইন–আপের অংশ থাকছে না। তাদের অবদান, নিষ্ঠা এবং ভালোবাসা মেকানিক্সের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। আমরা কৃতজ্ঞ সেই প্রতিটি মুহূর্তের জন্য, যা একসাথে সৃষ্টি করেছি। তাদের আগামী দিনের পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।’
Visit asg-reflektory.pl for more information.
ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবামের নাম ‘অযোগ্য’। নতুন অ্যালবামের খবর জানিয়ে ব্যান্ডটি লিখেছে, ‘প্রতিটি বিদায়ের আড়ালে লুকিয়ে থাকে একটি নতুন শুরুর গল্প। গত কয়েক মাস ধরে নীরবে, অন্ধকারের আড়ালে, নতুন এক অধ্যায়ের প্রস্তুতি চলেছে। কিছু ক্ষত, কিছু প্রশ্ন, কিছু না–বলা কথা আর কিছু অমীমাংসিত অনুভূতি নিয়ে জন্ম নিয়েছে আমাদের নতুন অ্যালবাম—“অযোগ্য”। এই অ্যালবাম শুধু কিছু গান নয়। এটি একটি স্বীকারোক্তি। এটি একটি প্রতিবাদ। এটি ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর গল্প। আর সেই গল্প বলবে এক নতুন মেকানিক্স।’
পোস্টের সবশেষে ব্যান্ডটি লিখেছে, কে আসছে? কী বদলাচ্ছে? কেমন হবে নতুন গান, নতুন মুখ, নতুন যাত্রা? উত্তরগুলো খুব শিগগির প্রকাশিত হবে, অপেক্ষা করুন।
ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব প্রথম আলোকে বলেন, ‘ব্যান্ডে ভাঙাগড়া এটা পৃথিবীর নিয়ম। দুই দশকে আমরা অনেকবার এর মধ্য দিয়ে গিয়েছি। ২০১৮ সালে এই দুজন যুক্ত হয়েছিলেন। গত আট বছরে অসংখ্য স্মৃতি আমাদের রয়েছে। তাঁদের ব্যস্ততা, ঠিক সময় না দিতে পারার কিছু বিষয় ছিল। অনেক দিন ধরেই আমরা বিষয়গুলো সমাধানের চেষ্টা করেছি। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। সবশেষ দুজন ব্যান্ড ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তাঁদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থাকবে। নতুন দুজনের নাম আমরা সামনে জানাব।’
নতুন অ্যালবাম নিয়ে ত্রিদিব বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় অ্যালবাম। এতে ১০টি গান থাকবে। ইতিমধ্যে এ অ্যালবামের টাইটেল “অযোগ্য” ও “খলনায়ক” শিরোনামের দুটি গান মুক্তি পেয়েছে। আগামী চার মাসে, প্রতি মাসে দুটি করে বাকি গান মুক্তি পাবে।’