আবার বিয়ে করছেন জেনিফার, পাত্র সিঙ্গাপুরের ব্যবসায়ী

· Prothom Alo

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৪১ বছর বয়সী এই অভিনেত্রী দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমনকি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে তাঁর বাগ্‌দানও সম্পন্ন হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

Visit betsport24.es for more information.

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জেনিফারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, অভিনেত্রী জেনিফার ও ইশমায়েল বেশ কিছুদিন ধরে সম্পর্কে রয়েছেন। দীর্ঘদিনের এই সম্পর্ককে এবার নতুন নাম দিতে চান তাঁরা। সূত্রের দাবি, বর্তমানে দুজনই খুব সুখী সম্পর্কে রয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করছেন।
জানা গেছে, এক ছুটির সফরে ইশমায়েল জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন।

জেনিফার উইংগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রীও সেই প্রস্তাবে সম্মতি জানান। এর পর থেকেই বিয়ের পরিকল্পনা শুরু করেছেন তাঁরা। এমনকি জেনিফার নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। সম্ভাব্য ভেন্ডর নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এই জুটি খ্রিষ্টান ধর্মীয় রীতি মেনে বিয়ে করতে চান। যদিও বিয়ের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বর-অক্টোবর মাসকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে ওই সময়ে আয়োজন সম্ভব না হলে ডিসেম্বর-জানুয়ারিতে বিয়ের অনুষ্ঠান হতে পারে।

বর্তমানে উপযুক্ত বিয়ের স্থানের খোঁজ করছেন জেনিফার এবং ইশমায়েল। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু হারলিন শেঠি ও জেনেলিয়া দেশমুখও বিয়ের পরিকল্পনার বিষয়ে অবগত রয়েছেন বলে জানা গেছে।

জেনিফার উইংগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কে এই ইশমায়েল উইলিয়াম?
ইশমায়েল উইলিয়াম সিঙ্গাপুরভিত্তিক একজন ব্যবসায়ী। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। অর্থনৈতিক খাতে কাজ করেন এবং ডিজিটাল অ্যাসেটস, প্রশিক্ষণ ও বৈদেশিক মুদ্রা (ফরেন এক্সচেঞ্জ) বাজারেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন।

জেনিফার উইংগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

তবে জেনিফার এখনো প্রকাশ্যে বাগ্‌দান বা বিয়ের খবর নিয়ে কোনো মন্তব্য করেননি। তবু তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের সম্ভাবনায় ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

জেনিফার দীর্ঘদিন ধরেই নিজের ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখার চেষ্টা করেছেন। এর আগে ২০১২ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। দুই বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে এবং ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

কাপুর পরিবারে আবার বিয়ে, পাত্রী কে

সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে জীবন শুরু করা জেনিফারের জন্য সহজ ছিল না। অন্যদিকে করণ সিং গ্রোভার ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন।
জেনিফার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এক মুখ। তাঁকে সর্বশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘ফির সে’-তে দেখা গিয়েছিল। ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন কুনাল কোহলি। ছবিটির পরিচালনাও করেছিলেন কুনাল কোহলি।
যদিও বিয়ের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জেনিফার ও ইশমায়েল উইলিয়ামকে ঘিরে প্রকাশিত এসব খবর ইতিমধ্যেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জেনিফার উইংগেট। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source