দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে
· Prothom Alo

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।
Visit somethingsdifferent.biz for more information.
এ লক্ষ্যে ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে, পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এ–সংক্রান্ত আদেশে সই করেছেন।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, উপজেলাপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। শয্যাসংখ্যা বাড়লে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন। জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।
নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পরিদর্শনদলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
একই সঙ্গে পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশটির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর–সংস্থায় পাঠানো হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই–মেইলের মাধ্যমেও নির্দেশনাটি জানানো হয়েছে।