বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যমাত্রা অবাস্তব: আসিফ মাহমুদ

· Prothom Alo

আসন্ন বাজেটে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২ শতাংশ বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে, সেটিকে অবাস্তব ও অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা পূরণ না হলে দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়বে এবং আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ওপর নির্ভরশীল হতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন আসিফ মাহমুদ। ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

Visit afnews.co.za for more information.

আসন্ন বাজেটে অনুৎপাদনশীল খাত ও বিশেষ থোক বরাদ্দে ব্যয় বাড়ানোর সরকারের ঘোষণা ইতিবাচক হলেও এর অর্থায়ন কোথা থেকে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির মুখপাত্র।

দেশের বড় ব্যবসায়িক কোম্পানিগুলো কর ফাঁকি দিলেও সাধারণ ও মধ্যবিত্ত নাগরিকেরা নিয়মিত বড় অঙ্কের কর দিচ্ছেন বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, একজন সাধারণ গাড়িচালক বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা ট্যাক্স দেন। এমনকি মোটরসাইকেলচালকদের ওপরও বার্ষিক করের বোঝা বাড়ানো হচ্ছে।

এ সময় এনসিপির মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ এবং আর্থিক খাতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন এটাই প্রমাণ করে যে সরকার জনস্বার্থের তোয়াক্কা না করে নিজস্ব কিছু সুযোগ-সুবিধা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে উল্টো পথে হাঁটছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং তা আর পেছনে ফেরার সুযোগ নেই। এই গণ-আকাঙ্ক্ষা ফ্যাসিবাদের চিরতরে বিলোপ ঘটাবেই। যারাই পুরোনো ও গণবিরোধী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করবে, বাংলাদেশের সচেতন জনগণ তাদের সবাইকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।

‘ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের নামে অপচয়’

দেশে ১৫ বছর ধরে ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের নামে হাজার কোটি টাকা অপচয় হয়েছে বলে সেমিনারে অভিযোগ করেন অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডিজবস’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম ফাহিম মাসরুর। তিনি বলেন, প্রচলিত এসব প্রশিক্ষণ মূলত অর্থ অপচয়ের শামিল, যা বর্তমান সরকারও অব্যাহত রেখেছে।

প্রথাগত প্রশিক্ষণের পরিবর্তে সরাসরি যুবকদের ঋণ দেওয়ার প্রস্তাব করে বিডিজবসের সিইও। তিনি বলেন, যুবসমাজ যেন নিজেদের পছন্দমতো প্রশিক্ষণ নিতে পারে বা ২১-২২ বছর বয়সী তরুণেরা জাপান কিংবা চীনের মতো দেশে গিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কিল (বৈশ্বিক মানের দক্ষতা) অর্জন করতে পারে, সে জন্য সরকারের সহজ শর্তে ঋণ দেওয়া এবং গ্যারান্টর হওয়া উচিত। উদাহরণস্বরূপ নেপালের মতো উদ্ভাবনী উপায়ে তরুণদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান তিনি।

‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ার ওপর জোর দেওয়া হয়

‘আদালত ঠিক করবে আ.লীগের ভবিষ্যৎ’

সেমিনারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, অন্যদিকে কারাগার খুলে দিয়ে আইভী রহমানকে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী) বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আওয়ামী লীগের বিচারের বিষয়টি আদালত নির্ধারণ করবে যে তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না। মাঠপর্যায়ে আওয়ামী লীগকে প্রতিহত না করে বিএনপির কিছু নেতা জামায়াতকে দমনের বিষয়ে গোপন বৈঠক করছেন।

সরকার নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে জনগণের কথা না শুনে একগুঁয়ে আচরণ করছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সংস্কার বাস্তবায়ন, হত্যার বিচার এবং বাজেটে তরুণদের কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা না করলে সরকারকে জনগণ সহযোগিতা করবে না। তাদেরও পূর্ববর্তী সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে।’

ভারত থেকে মুসলিম পরিচয়ের কারণে ‘অবৈধ বাংলাদেশি’ ট্যাগ দিয়ে পুশব্যাক করা হচ্ছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এটি দক্ষিণ এশিয়ায় একধরনের অ্যাথনিক ক্লিনজিং (জাতিগত নিধন)। তিনি আরও বলেন, ‘বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হত্যাকাণ্ড চালাচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী একে “বর্ডার কিলিং” না বলে ভারতের “অখণ্ড ভারত” ধারণার বয়ানকে সমর্থন করছেন। এটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

সেমিনারে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ তরুণ জনগোষ্ঠীর সংকট ও কর্মসংস্থান নিয়ে সরকার উদাসীন। ৫৪ বছর ধরে দেশের বড় রাজনৈতিক দলগুলো উৎপাদনমুখী কর্মসংস্থান না বাড়িয়ে রাজনৈতিক স্বার্থে চাঁদাবাজিকে কর্মসংস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে। এটি ৫ আগস্টের পরও চলমান।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, ছায়া বাজেট প্রণয়ন কমিটির উপপ্রধান আবদুল্লাহ আল ফয়সাল, জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি মো. তুহিন মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।

Read full story at source