দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ
· Prothom Alo

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
Visit milkshakeslot.online for more information.
আজ সোমবার বিকেল পাঁচটায় শহরের কাঁঠালতলীতে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সরেজমিনে দেখা যায়, নেতা-কর্মীরা ‘দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ মানি না, মানব না’ স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো প্রথম আলোকে বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে ‘রংধনু জাতি’ গঠনের পথে বড় ধাক্কা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নকে এটি ক্ষতিগ্রস্ত করবে।
সাইফুল ইসলাম আরও বলেন, ‘দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ নন। দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চলে তাঁর সঙ্গে ঘুরেছি, কখনো তাকে দুর্বল বা অসুস্থ হতে দেখিনি। বিএনপির কিছু নেতা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।’
কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাজামং মারমা বলেন, ‘তিনি পদত্যাগপত্রে যে কারণ দেখিয়েছেন, তা সঠিক নয়। শারীরিক ও মানসিকভাবে তিনি মন্ত্রিত্ব চালানোর মতো সক্ষম। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা লালন-পালন করছিল, তাদের চাপের মুখে তিনি সাময়িকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে হবে।
কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ‘আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। পরিস্থিতি শান্ত রয়েছে।’