মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস
· Prothom Alo

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুহাম্মদ শাহজাহান (৪৪) ও তাঁর ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তাঁরা ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা। তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসটির চালককে।
Visit amunra.help for more information.
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি পাইন্দংয়ের আমতল এলাকা অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়। একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিআরটিসি বাসটি আটক করে এতে আগুন দেন।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসপুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ওই এলাকায় সড়কটি দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, বাসচালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।