প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিকটকের ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
· Prothom Alo

গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া নগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। গতকাল বুধবার রাতে পৃথক দুটি দুর্ঘটনায় এই চার মৃত্যুর ঘটনা ঘটে।
Visit mwafrika.life for more information.
টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম বলেন, গতকাল রাতে তুরাগ নদে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এই দুজন হলো রাজধানীর তুরাগ থানার ইদ্রিস মিয়ার ছেলে ইমরান হোসেন (১৬) এবং একই এলাকার রানা মিয়ার ছেলে নোমান (১৬)।
অপর দিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্টেশনের পাশে রেললাইনে দাঁড়িয়ে দুজন টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন চলে এলেও তাঁরা রেললাইনে অবস্থান করছিলেন। দূর থেকে আশপাশের লোকজন তাঁদের ডাকাডাকি করলেও সাড়া দেননি। একপর্যায়ে তাঁরা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।