জঙ্গি হামলার শঙ্কা: হজরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
· Prothom Alo

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, পুলিশ সদর দপ্তরের একটি চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) হওয়ায় সব সময়ই কঠোর নিরাপত্তাবলয়ে থাকে। তবে ওই চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ বলে উল্লেখ করেন তিনি।
Visit playerbros.org for more information.
বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এবং পাঁচটি অভ্যন্তরীণসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন।
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে।