বিএনপি আজ রাবণ হয়ে গেছে: নাহিদ ইসলাম
· Prothom Alo

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে ১৬ বছর বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও ক্ষমতায় আসার পর দলটি গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
Visit mchezo.life for more information.
নাহিদ ইসলাম বলেন, ‘কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।’
আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের এ অনুষ্ঠানে নাহিদ ছিলেন বিশেষ অতিথি।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপির সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না। ৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে।’ তিনি বলেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার অঙ্গীকার থাকলেও বিএনপি সেই ওয়াদা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র, শ্রমিক, জনতাকে ওয়াদা দিয়ে, তাঁদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদেরও অচিরেই ভোগ করতে হবে।
শুধু জাতীয় সংসদ নয়, এবার রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাজপথের গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি নিশ্চিত করতে বাধ্য করব।’
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গণভোটের সঙ্গে বেঈমানি করেছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে গাদ্দারি, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। ফলে বর্তমান সরকারকে আর জনগণের, শ্রমিকের, ছাত্রদের পক্ষের সরকার বলার কোনো সুযোগ নেই। এই সরকার একটা গণবিরোধী সরকার, গণতন্ত্রবিরোধী সরকার।
সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য বা জাতীয় সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে।