গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন: বাংলাদেশ খেলাফত মজলিস

· Prothom Alo

গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। তিনি বলেছেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। সুতরাং গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই এই দায় বহন করতে হবে।

Visit betsport24.es for more information.

আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে মাওলানা জালালুদ্দীন আহমাদ এ কথা বলেন। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সংবিধান সংস্কার করা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে জালালুদ্দীন আহমাদ বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে। কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কার ছাড়া রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা, নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে জবাবদিহি নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

মাওলানা জালালুদ্দীন আহমাদ আরও বলেন, এই রায় উপেক্ষা করা হলে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানসমূহকে দলীয় নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার পথ সুগম হবে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বক্তব্য দেন।  

গণভোটের রায় কার্যকরের দাবিতে রাজধানীর পাশাপাশি শুক্রবার জুমা ও আসরের নামাজ শেষে চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ মহানগর ও জেলা, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, কক্সবাজার, ফেনী এবং গোলাপগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করার কথা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

Read full story at source