জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টি
· Prothom Alo

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথায় ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ অভিযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। ‘ছাত্র-জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে’ এবি পার্টির আয়োজনে পল্টনের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Visit freshyourfeel.org for more information.
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে, তা খুবই হতাশাজনক।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘১৯৭১–এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটত, তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই সনদের বাস্তবায়ন না হলে এবং আজকে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, এর সূত্র ধরে যদি আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. ইউনূস, নাহিদ ইসলামরাসহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে।’
গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যাসিবাদী আওয়ামী লীগের কণ্ঠে সুর মেলানোর শামিল উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক দলের ঠিকানা হচ্ছে রাজপথ। রাজপথই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা হয়, তবে রাজপথই বেছে নিতে হবে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ওহাব মিনার বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। তিনি বিএনপিকে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানান। অন্যথায় হাসিনার পরিণতির কথা স্মরণে রাখতে বলেন।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন, শ্রমিকবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিজয় নগর, কাকরাইল, নয়া পল্টন ও পল্টন মোড় হয়ে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এসে শেষ হয়।