আর্জেন্টিনার প্রতিপক্ষ মরুভূমি আর যাযাবরের দেশ মৌরিতানিয়া কেমন দল

· Prothom Alo

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতাপ্রাপ্তির পর ১৯৬৩ সালে এপ্রিলে প্রথম মাঠে নেমেছিল মৌরিতানিয়া জাতীয় দল। কঙ্গোর বিপক্ষে সে ম্যাচে হেরেছিল ৬-০ গোলে। ১৯৭০ সালে ফিফার সদস্যপদ লাভ করা মৌরিতানিয়া এত দিনেও ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি হতে পারেনি। এ দলের বিপক্ষে বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোরে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

Visit betsport.cv for more information.

মৌরিতানিয়া প্রথম বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ১৯৭৮ আসরের। আর্জেন্টিনা আবার সেবারের আসরেই জেতে প্রথম বিশ্বকাপ। আফ্রিকা মহাদেশ থেকে এ পর্যন্ত ১৩ বার বিশ্বকাপ বাছাইয়ে খেলে একবারও মূল পর্বে ওঠার টিকিট পায়নি মৌরিতানিয়া। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ছয় দলের ‘বি’ গ্রুপে পঞ্চম হয়ে বিদায় নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১৫তম এ দল। বাছাইয়ে পাঁচ হারের পাশাপাশি চার ড্র ও এক ম্যাচ জেতে মৌরিতানিয়া। এর আগে ২০১৭ সালে ৮১তম স্থান ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের সেরা অর্জন। ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় আর্জেন্টিনার সঙ্গে ১১৫তম মৌরিতানিয়ার লড়াইকে তাই ‘ডেভিড বনাম গোলিয়াথ’ বললেও যেন কম বলা হয়!

আফ্রিকান কাপ অব নেশনসে ম্যাচ জিতেছে মৌরিতানিয়া

চিনগুয়েত্তি মৌরিতানিয়ার প্রাচীন ঐতিহাসিক শহর। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এ শহরের নামে তাদের জাতীয় ফুটবল দলের নাম ‘লায়নস অব চিনগুয়েত্তি।’ আফ্রিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কাপ অব নেশনসে এ পর্যন্ত তিনবার (২০১৯, ২০২১ ও ২০২৩) অংশ নিয়েছে মৌরিতানিয়া। সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনসে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটি।

মৌরিতানিয়ার কোচ আরতিজ লোপেজ গারাই একজন স্প্যানিশ। জন্ম বাস্ক প্রদেশের বিসকে অঞ্চলে। ২০২৪ সালে মৌরিতানিয়া জাতীয় দলের দায়িত্ব নেন।

কখনো ফিফা বিশ্বকাপে না খেলা জনসংখ্যায় শীর্ষ ১০ দল, বাংলাদেশ-ভারতসহ আরও যারা

এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে মৌরিতানিয়া। ৩১ মার্চ মরক্কোয় প্রীতি ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষেও মাঠে নামবে তাঁরা। এ দুটি ম্যাচের জন্য আরতিজের ঘোষণা করা ২৬ জনের স্কোয়াডে ১৩ জনই খেলেন ইউরোপিয়ান ক্লাবে।

তবে শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলেন না কেউ। একটু পরিচিতদের মধ্যে আছেন গ্রিসের ক্লাবের এইকে এথেন্সে খেলা আবুবকরি কইতা, স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্সে খেলা জেইদি গাসামা। মৌরিতানিয়া জাতীয় দলে গাসামাই সবচেয়ে দামি খেলোয়াড়। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, তাঁর বর্তমান বাজার দর ৭০ লাখ ইউরো।

মৌরিতানিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার জর্ডান লেফোর্টের জন্ম ফ্রান্সে হলেও তাঁর স্ত্রী সানা ফরাসি-মৌরিতানিয়ান বংশোদ্ভূত। সে সুবাদে দেশটির জাতীয় দলে ডাক পেয়েছেন এবং এই আন্তর্জাতিক বিরতিতে মৌরিতানিয়ার হয়ে অভিষেক হবে লেফোর্টের।

মৌরিতানিয়ার সেন্ট্রাল ডিফেন্ডার জর্ডান লেফোর্ট

আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ নিয়ে ‘রেডিও লা রেদ’কে আরতিজ বলেছেন, ‘আমরা আফ্রিকার ছোট্ট একটি দেশ। কিছুদিন হলো ফুটবলে একটু এগোতে পেরেছি।

(মৌরিতানিয়ার) মানচিত্রে তাকালে আপনি শহর ও ফুটবল মাঠের চেয়ে মরুভূমি বেশি দেখতে পাবেন। আমরা নিজেদের খেলার মান আরও ভালো করার চেষ্টা করছি। আর এই (আর্জেন্টিনা) প্রীতি ম্যাচটি খেলতে পারা আমাদের জন্য সম্মানের ব্যাপার।’

টিওয়াইসি স্পোর্টসকেও আরতিজ বলেছেন, ‘এটা অনেক বড় ব্যাপার। দেশটি ফুটবলপাগল। আর্জেন্টিনার মুখোমুখি হতে দেখা তাদের জন্য বিশাল এক ধাক্কা। খেলোয়াড়েরাও খুব রোমাঞ্চিত। দিনটি অবিস্মরণীয় হতে যাচ্ছে।’

বিশ্বকাপ টিকিটের জন্য কিয়েসাকে নিয়ে গাত্তুসোর ‘শেষ লড়াই’

মরুভূমির দেশ মৌরিতানিয়া

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ ইসলামিক রিপাবলিক অব মৌরিতানিয়া। ১০ লাখ ৩০ হাজার ৭০০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশের ভৌগোলিক রূপ যেমন বিশাল, তেমনি চরমভাবাপন্ন। দেশটির প্রায় ৯০ শতাংশ এলাকাই সাহারা মরুভূমির বালুর নিচে চাপা পড়ে। ফলে বিশ্বের সবচেয়ে কম বনভূমি থাকা দেশগুলোর একটি মৌরিতানিয়া। দেশটির জনবসতি মূলত নাতিশীতোষ্ণ দক্ষিণ অঞ্চল এবং আটলান্টিক মহাসাগর উপকূলের রাজধানী নুয়াকশটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।

মৌরিতানিয়ার উত্তরে আরব বিশ্ব আর দক্ষিণে সাহারা-সংলগ্ন আফ্রিকা। এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি ইসলামিক প্রজাতন্ত্রের একটি, যেখানে সুন্নি ইসলাম রাষ্ট্রধর্ম এবং আরবি জাতীয় ভাষা। তবে দাপ্তরিক ও বাণিজ্যিক কাজে এখনো ফরাসি ভাষার বেশ চল রয়েছে। মৌরিতানিয়ার সমাজে এখনো যাযাবর অতীতের শক্তিশালী গোত্রীয় কাঠামোর প্রভাব রয়েছে। ধারণা করা হয়, দেশটির প্রায় ২৫ শতাংশ মানুষ এখনো যাযাবর জীবন যাপন করেন এবং উটে চড়ে মরুভূমির পথে ঘুরে বেড়ান।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

দেশটির ইতিহাস ফরাসি ঔপনিবেশিক শাসনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ লড়াই শেষে ১৯৬০ সালের ২৮ নভেম্বর ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মৌরিতানিয়া। এরপর বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে দেশটি। অবশেষে ২০১৯ সালে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির গড়ে তারা।

১৯৮১ সালে বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে মৌরিতানিয়া আইনগতভাবে দাসপ্রথা বিলুপ্ত করে। প্রাচীন এই প্রথা পুরোপুরি নির্মূল করতে বর্তমানে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছে মৌরিতানিয়া।

প্রতিকূল জলবায়ু সত্ত্বেও মৌরিতানিয়া কৌশলগত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দেশটির সমুদ্রসীমায় রয়েছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ মৎস্য আহরণের ক্ষেত্র, যা মোট সরকারি রাজস্বের প্রায় ২৫ শতাংশ জোগান দেয়। লোহা ও সোনা রপ্তানিতেও দেশটি বেশ এগিয়ে। সামুদ্রিক সীমানায় বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ায় হাইড্রোকার্বন বা জ্বালানি খাতেও শক্তিশালী হয়ে উঠছে মৌরিতানিয়া।

স্কালোনির চেনা প্রতিপক্ষ

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দেশটির অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন লিওনেল স্কালোনি। ২০১৮ সালের ২ আগস্টে স্পেনের লা আলকুদিয়া টুর্নামেন্টে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে অভিষেক তাঁর। সেদিন প্রতিপক্ষ ছিল মৌরিতানিয়া। ২-০ গোলে জয়ের পর সেই টুর্নামেন্টে স্কালোনির হাত ধরে চ্যাম্পিয়নও হয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

Read full story at source