সখীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

· Prothom Alo

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি একটি ট্রাকের পেছনে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে সখীপুর–সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

Visit turconews.click for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া বাজারসংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ তোলার কাজ চলছিল। এ সময় বড়চওনার দিক থেকে আসা দ্রুতগতির মুরগিবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে  ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের বকশীগঞ্জের নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার সাগর (২২) ও ভোলার সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

আহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।

Read full story at source