‘আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না’
· Prothom Alo

‘রামিসা আমাদের সন্তান। আজ আমার সন্তান, কাল আপনার সন্তান। এভাবে আর কত রামিসা শেষ হবে? আমরা আর কারও এমন নৃশংস মৃত্যু দেখতে চাই না।’
২২ মে সকালে রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ কথা বলেন বক্তারা।
Visit moryak.biz for more information.
‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে ঢাকা–খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ২২ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্য ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, স্কুল–কলেজের শিক্ষার্থী, পথচারীর পাশাপাশি সমাজসচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। প্রখর রোদ আর গরম উপেক্ষা করে শতাধিক মানুষ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শফিক মন্ডলের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘রামিসার বাবা কতটা অসহায় হলে তিনি বলতে পারেন, “আমি বিচার চাই না। কারণ, বিচার পাব না”। রামিসার বাবার এমন কথায় আমরা সবাই মর্মাহত। আমরা আর কত এমন পৈশাচিক, নৃশংস মৃত্যু দেখব। এমন নৃশংস ঘটনা মাদকসেবী ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। মাদকের ভয়াবহতা কোন পর্যায়ে গেছে দেশের মানুষ বুঝতে পারছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। শক্ত হাতে মাদক দমন করতে না পারলে এমন ভয়াবহতা চলতে থাকবে। তারই ধারাবাহিকতায় এমন পৈশাচিক ঘটনা ঘটে যাচ্ছে।’
এমন নৃশংসতা ও ভয়াবহতার বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ‘রামিসার হত্যাকারী গ্রেপ্তার হয়েছে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দেশবাসীকে দেখিয়ে দিক। ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তি প্রয়োগ হলে এমন ভয়াবহতা অনেকটা কমে আসবে বলে আমরা মনে করি।’
রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।কর্মসূচিতে বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান–নূর ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সুরাজিত চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক লেখক আব্দুল আউয়াল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ বাজার একুশ ইলেকট্রনিকসের পরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা জজ আদালতের আইনজীবী মকিম মন্ডল, ঢাকা শিশু সংসদের সাবেক সভাপতি আয়নাল শেখ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য ও শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সদস্য ফাহিম হাসান, শিক্ষার্থীদের পক্ষে এলিজা মিম ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক। গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জাকির হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভা শেষ করেন।